বিশ্বকাপে সম্প্রচারিত একটি দৃশ্যকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জার্মানি ও কিউরাসাওর ম্যাচের আগে টেলিভিশন সম্প্রচারে দেখা যাওয়া এক ভিডিও সহকারী রেফারিকে টুর্নামেন্ট থেকে অপসারণের দাবি জানিয়েছে বর্ণবাদ ও বৈষম্যবিরোধী পর্যবেক্ষক সংস্থা ‘ফেয়ার’।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অস্ট্রেলিয়ার এক ভিডিও সহকারী রেফারি শন ইভান্স। ম্যাচ শুরুর আগে সম্প্রচারিত ফুটেজে তাকে একটি নির্দিষ্ট হাতের অঙ্গভঙ্গি করতে দেখা যায়। ফেয়ারের দাবি, অঙ্গভঙ্গিটি উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর ব্যবহৃত ‘শ্বেত শ্রেষ্ঠত্ব’ মতবাদের প্রতীকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তাদের বিশেষজ্ঞদের মূল্যায়নে এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিশ্বকাপে আর কোনো দায়িত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফিফা। অঙ্গভঙ্গিটি ইচ্ছাকৃত ছিল কি না, কিংবা এর পেছনে অন্য কোনো ব্যাখ্যা রয়েছে কি না, তাও স্পষ্ট নয়।
বিশেষজ্ঞদের মতে, সংশ্লিষ্ট হাতের সংকেতটি বহু বছর ধরে সাধারণ সম্মতি বা ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়ে এলেও সাম্প্রতিক বছরগুলোতে কিছু উগ্রপন্থী গোষ্ঠী এটিকে ভিন্ন রাজনৈতিক ও বর্ণবাদী বার্তা ছড়ানোর প্রতীক হিসেবে ব্যবহার করেছে। ফলে এমন অঙ্গভঙ্গির অর্থ নির্ধারণে প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা দীর্ঘদিন ধরে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলে আসছে। তাই ঘটনাটি নিয়ে তদন্ত বা কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না, সেদিকেই এখন নজর ফুটবল বিশ্বের। সূত্র: আলজাজিরা
দ্বিতীয় শিরোপার লক্ষ্যে বিশ্বকাপ অভিযান শুরু স্পেনের
পুরোনো ক্ষত বুকে নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড
যাদের কাছে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা