আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু বুধবার

আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটছে বুধবার (১৭ জুন) সকালে। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। তবে ম্যাচটিতে নজর থাকবে দুই দলের কয়েকজন তরুণ ও প্রতিভাবান ফুটবলারের দিকেও।

২০২২ কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই সাফল্যের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। পুরো দল যেন এক লক্ষ্যেই খেলেছিল মেসির হাতে বিশ্বকাপ তুলে দেওয়া। অধিনায়কও দুর্দান্ত নেতৃত্ব, নিখুঁত ফিনিশিং এবং অসাধারণ পাসিংয়ে দলকে শিরোপার পথে এগিয়ে নিয়েছিলেন।

তবে সময় বদলেছে। বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি খেলছেন ইন্টার মায়ামির হয়ে। তাই প্রশ্ন উঠছে, চার বছর আগের মতো প্রভাব বিস্তার করার সামর্থ্য কি এখনও রয়েছে তার? সেই উত্তর খোঁজার শুরু হতে পারে আলজেরিয়ার বিপক্ষেই।

আলভারেজের সঙ্গে নজরে পাজ ও আলমাদা

কাতার বিশ্বকাপে নিজের সামর্থ্যের ঝলক দেখানো হুলিয়ান আলভারেজ এখন অনেক বেশি পরিণত। ফলে আক্রমণভাগে মেসির ওপর নির্ভরতা কিছুটা কমেছে। পাশাপাশি মাঝমাঠ ও রক্ষণভাগেও বিশ্বকাপজয়ী দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন।

এবারের দলে আর্জেন্টিনার নতুন প্রজন্মের কয়েকজন প্রতিভাবান ফুটবলারও আছেন। তাদের মধ্যে নিকো পাজ ও থিয়াগো আলমাদা অন্যতম। কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যে মেসিকে নিয়ে এবং মেসিকে ছাড়া দুই ধরনের কার্যকর কৌশল তৈরি করেছেন। তবে তিনি জানেন, টুর্নামেন্টে অনেক দূর যেতে হলে মেসির কাছ থেকে আবারও সেই বিশেষ জাদুকরী মুহূর্তগুলো প্রয়োজন হবে।

মাহরেজই আলজেরিয়ার প্রধান ভরসা

আলজেরিয়ার সবচেয়ে বড় তারকা এখনো রিয়াদ মাহরেজ। আগের মতো নিয়মিত আলো ছড়াতে না পারলেও তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা দলের অন্যতম শক্তি। আল আহলির হয়ে এবং বিশ্বকাপ বাছাইপর্বে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

মাহরেজের পাশাপাশি আক্রমণভাগে থাকবেন ২০ বছর বয়সী ইব্রাহিম মাজা। ড্রিবলিং দক্ষতা ও সৃজনশীল ফুটবলের জন্য ইতোমধ্যে নজর কেড়েছেন এই তরুণ। ছন্দে থাকলে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে তার।

গোলপোস্টে জিদানের ছেলে

আলজেরিয়ার গোলপোস্টে থাকবেন লুকা জিদান, কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে। আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর নিজেকে দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

রক্ষণভাগে র‌্যামি বেনসেবাইনি ও রায়ান আইত-নুরির মতো অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে কোচ ভ্লাদিমির পেতকোভিচের দল পজেশনভিত্তিক ফুটবল খেলতে প্রস্তুত। ফলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তারা সহজে ছাড় দেবে না বলেই ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাই দেখা যেতে পারে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ এক লড়াই, যেখানে মেসির জাদুর বিপরীতে আলজেরিয়ার আশা মাহরেজ, মাজা ও লুকা জিদান।