উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার বিশ্বকাপ মিশন শুরু

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করেছে কলম্বিয়া। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় লাতিন আমেরিকার দলটি।

বৃহস্পতিবার (১৮ জুন) মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া। বিরতির পর উজবেকিস্তান সমতায় ফিরলেও শেষ পর্যন্ত আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে কলম্বিয়ানরা।

ম্যাচের ৩৯তম মিনিটে লুইস দিয়াজের বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে কলম্বিয়াকে এগিয়ে দেন দানিয়েল মুনোজ। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলেও পুরো সময় জুড়েই দাপট দেখায় কলম্বিয়া। বলের দখলে তারা ছিল ৭২ শতাংশ সময়, যেখানে উজবেকিস্তানের দখলে ছিল মাত্র ২৮ শতাংশ। প্রথমার্ধে কলম্বিয়া ছয়টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হলেও উজবেকিস্তান কোনো শটই নিতে পারেনি।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে চমক দেখায় উজবেকিস্তান। ৬০তম মিনিটে আব্বোসবেগ ফাইজুল্লায়েভ গোল করে দলকে সমতায় ফেরান। শোমুরোদভের ভলি শট ডিফ্লেক্ট হয়ে ফিরে আসার পর বাম পোস্টের সামনে থাকা ফাইজুল্লায়েভ হেডে বল জালে জড়িয়ে দেন।

তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি উজবেকিস্তান। মাত্র পাঁচ মিনিট পরই আবার এগিয়ে যায় কলম্বিয়া। ৬৫তম মিনিটে বক্সে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান লুইস দিয়াজ।

এরপর অতিরিক্ত সময়ের নবম মিনিটে কুকো হার্নান্দেজের ক্রসে জামিন্টন কাম্পাজ নিচু হেডে গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন। তার গোলেই ৩-১ ব্যবধানে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

গ্রুপ পর্বে কলম্বিয়ার পরবর্তী ম্যাচ ২৪ জুন কঙ্গোর বিপক্ষে। অন্যদিকে ২৩ জুন পর্তুগালের মুখোমুখি হবে উজবেকিস্তান।