বিবর্ণ রোনালদো, পর্তুগালকে রুখে ইতিহাস কঙ্গোর

আপডেট : ১৮ জুন ২০২৬, ০২:০৩ এএম

খেলার ৬ মিনিটে জোয়াও নেভেসের গোল। সবাই ধরে নিয়েছিলো চলতি বিশ্বকাপে পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে বড় জয়ই পেতে যাচ্ছে। 

এদিকে দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গো ইয়োনে উইসার দুর্দান্ত এক গোলে ম্যাচে সমতা আনে। 

পরে আর লিড নিতে পারেনি ম্যাচে বিবর্ণ রোনালদো ও তার সহযোদ্ধারা। কঙ্গোর বিপক্ষে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়। আর বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পায় কঙ্গো। 

প্রথমার্ধে শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখিয়ে ম্যাচের ৬ মিনিটে নেভেসের হেড থেকে গোল পেয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। 

গোলের পরও পর্তুগাল বলের নিয়ন্ত্রণ ধরে রাখলেও ডিআর কঙ্গো ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। রক্ষণে অধিনায়ক চানসেল বেমবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আক্রমণে উইসা কয়েকবার সুযোগ তৈরির চেষ্টা করেন।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে একটি কর্নার আদায় করে ডিআর কঙ্গো। সেই কর্নার থেকেই আসে ঐতিহাসিক মুহূর্ত। 

ডান দিক থেকে আসা ক্রসে ফার পোস্টে সম্পূর্ণ ফাঁকায় থাকা উইসা উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেডে গোল করেন। স্কোরলাইন দাঁড়ায় ১-১।

বিরতির পরও আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে ডিআর কঙ্গো। 

৬৯ মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ পান রোনালদো। বক্সের ভেতর থেকে নেওয়া তার শট পোস্টের বাইরে চলে যায়। এরপরও সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি পর্তুগিজ অধিনায়ক।

শেষদিকে ডিআর কঙ্গোও পাল্টা আক্রমণে ভয় ধরিয়ে দেয়। 

ম্যাচের অন্তিম মুহূর্তে পর্তুগাল মরিয়া হয়ে জয়সূচক গোল খুঁজতে থাকে। শেষ সময়ে কর্নার থেকেও কোনো সুবিধা করতে পারেনি পর্তুগাল। 

নির্ধারিত সময় ও যোগ করা সময় শেষে রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে ডিআর কঙ্গোর খেলোয়াড় ও সমর্থকেরা।

HN
আরও পড়ুন