হ্যাটট্রিকের পর মেসির চোখে জল, নেপথ্যে ব্যক্তিগত কারণ

বিশ্বকাপের মঞ্চে আবারও জাদু দেখালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তিনটি গোল করে বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এই পারফরম্যান্সের পর বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও উঠে আসেন এই তারকা।

তবে গোলের উল্লাসের মাঝেই ম্যাচে এক আবেগঘন মুহূর্ত দেখা যায়। গোলের পর জার্সি দিয়ে চোখ মুছতে দেখা যায় মেসিকে। প্রথমে অনেকেই ধারণা করেন, ইতিহাস গড়ার আনন্দে আবেগাপ্লুত হয়েছেন তিনি। কিন্তু পরে জানা যায়, কান্নার পেছনে রয়েছে ব্যক্তিগত এক বেদনাদায়ক কারণ।

ম্যাচ শেষে মেসি নিজেই জানান, এটি ফুটবল-সম্পর্কিত কোনো আবেগ ছিল না। তিনি বলেন, “আমি কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। দলের সবাই আমাকে শক্তি দিয়েছে, পাশে ছিল।”

পরবর্তীতে আর্জেন্টাইন গণমাধ্যমের বরাতে জানা যায়, মেসির বাবা হোর্হে মেসি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন এবং সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হলেও বাবার অসুস্থতা মেসির মানসিকভাবে গভীরভাবে প্রভাবিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ম্যাচে গোলের পর ক্যামেরার দিকে তাকিয়ে মেসিকে ‘আই লাভ ইউ’ বলতে দেখা যায়, যা অনেকে তার বাবার উদ্দেশে আবেগঘন বার্তা হিসেবে ব্যাখ্যা করেন। কারণ এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে তার সবচেয়ে কাছের মানুষটি তার পাশে ছিলেন না।

৩৮ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন মেসি। অনেকের ধারণা, এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ। তাই একদিকে ইতিহাস গড়ার আনন্দ, অন্যদিকে বাবার অসুস্থতা নিয়ে উদ্বেগ দুটি অনুভূতির মিশ্রণেই তৈরি হয় সেই আবেগঘন মুহূর্ত।

ফুটবলের পরিসংখ্যান হয়তো সময়ের সঙ্গে মুছে যায়, কিন্তু সেই রাত স্মৃতিতে থেকে যায় ভিন্ন কারণে একজন কিংবদন্তির চোখের জল, যিনি শুধু ফুটবলার নন, একজন সন্তানও।