বিশ্বকাপে কেইনের নতুন রেকর্ড

আপডেট : ১৮ জুন ২০২৬, ১১:০৫ এএম

হাইভোল্টেজ লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। বুধবার রাতের বড় জয়ে জোড়া গোল করে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন।

ম্যাচের শুরুতেই লুকা মদ্রিচের ফাউলে পেনাল্টি পায় ইংল্যান্ড। ১১তম মিনিটে কেইনের নেওয়া প্রথম শট ক্রোয়েশিয়ার গোলরক্ষক ঠেকিয়ে দিলেও তিনি নির্ধারিত লাইনের বাইরে চলে আসায় পুনরায় পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি ইংলিশ অধিনায়ক। সফলভাবে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে (টাইব্রেকার বাদে) পেনাল্টি থেকে নিজের পঞ্চম গোল করেন কেইন। এর ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক পেনাল্টি গোলের রেকর্ড গড়েন তিনি। এ পথে তিনি পেছনে ফেলেছেন লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং রব রেনসেনব্রিঙ্ককে, যাদের প্রত্যেকেরই ছিল চারটি করে পেনাল্টি গোল।

প্রথম গোলের পরই আরেকটি কীর্তি গড়েন কেইন। ডেভিড বেকহামের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির স্থাপন করেন তিনি। ২০১৮, ২০২২ ও ২০২৬ টানা তিনটি বিশ্বকাপেই গোলের দেখা পেলেন ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার।

এরপর ৪২তম মিনিটে হেড থেকে নিজের দ্বিতীয় এবং দলের আরেকটি গোল করেন কেইন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১০-এ।

বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের যৌথ রেকর্ডও এখন কেইনের দখলে। এর আগে সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার এককভাবে ১০ গোল নিয়ে শীর্ষে ছিলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে সেই রেকর্ডে ভাগ বসালেন ইংল্যান্ড অধিনায়ক।

রেকর্ড গড়ার রাতে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে বিশ্বকাপ মঞ্চে নিজের শ্রেষ্ঠত্বের আরেকটি প্রমাণ দিলেন হ্যারি কেইন।

AM/SN
আরও পড়ুন