ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন হাকিমি

বিশ্বকাপের মাঝেই বড় বিতর্কে জড়ালেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। ২০২৩ সালের একটি ধর্ষণ অভিযোগের ঘটনায় তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে নিশ্চিত করেছে ফ্রান্সের একটি আপিল আদালত।

বর্তমানে প্যারিস সেইন্ট জার্মেই-এর হয়ে খেলা এই ডিফেন্ডার অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। শুক্রবার (১৯ জুন) স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর বিশ্বকাপ ম্যাচের আগে তিনি জানান, আদালতে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ পাওয়াকে তিনি স্বাগত জানাচ্ছেন।

এর আগে তাকে ফৌজদারি আদালতে পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন হাকিমি। তবে ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভার্সাই আপিল আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। ফলে ভবিষ্যতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হওয়ার পথ উন্মুক্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হাকিমি লিখেছেন, তার পরিবার, ব্যক্তিগত জীবন এবং সত্যকে উপেক্ষা করে এমন একটি গল্প প্রচার করা হচ্ছে, যার সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত মনে করেন না। তিনি আরও বলেন, শুরু থেকেই তিনি বিচারের অপেক্ষায় ছিলেন এবং আদালতেই নিজের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরতে চান।

২০২৩ সালে এক নারী অভিযোগ করেন, প্যারিসের উপকণ্ঠে নিজের বাসভবনে তাকে ধর্ষণ করেছেন হাকিমি। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে প্যারিসের নানতের প্রসিকিউটর কার্যালয়। পরে একই বছরের মার্চে তার বিরুদ্ধে প্রাথমিক ধর্ষণ অভিযোগ আনা হয়।

বিশ্বের অন্যতম সেরা রাইট-ব্যাক হিসেবে পরিচিত হাকিমি সব ধরনের অনিয়ম বা অপরাধের অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে বিচার কবে শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। সূত্র: আলজাজিরা