দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের এক ভুলের সুযোগ নিয়ে চলতি বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’ বা দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউট পর্বে পা রাখলো তারা।
শুক্রবার (১৯ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় কোরিয়ান গোলকিপারের সেই মারাত্মক ভুল।
পুরো ম্যাচে ৫৭ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে মেক্সিকোর ওপর চাপ সৃষ্টি করেছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় একাধিক সহজ সুযোগ হাতছাড়া হয় তাদের। দুই দলই ম্যাচে সমান ৮টি করে শট নিলেও মেক্সিকো লক্ষ্যে রেখেছিল ৪টি, আর কোরিয়া রাখতে পেরেছিল মাত্র ২টি।
ম্যাচের ৫০ মিনিটে মেক্সিকোর পক্ষে জয়সূচক গোলটি করেন লুইস রোমো। বাম প্রান্ত থেকে হুলিয়ান কুইনোনেসের বাড়ানো ক্রসে বক্সের ভেতর হেড করেন রাউল জিমেনেজ। তবে তার হেডটি সোজা আকাশে উঠে যায়। বলটি লুফে নিতে নিজের গোললাইন ছেড়ে সামনে এগিয়ে আসেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ। কিন্তু অত্যন্ত সহজ একটি ক্যাচ ধরতে গিয়ে হাত ফসকে বলটি সামনে ফেলে দেন তিনি। ওত পেতে থাকা মেক্সিকান ফরোয়ার্ড লুইস রোমো এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি; আলগা বলটি সহজেই জালে জড়িয়ে স্বাগতিকদের উল্লাসে ভাসান।
গোল হজম করার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে দক্ষিণ কোরিয়া। তবে কোরিয়ান গোলকিপার যেখানে দলকে ডুবিয়েছেন, সেখানে মেক্সিকোর গোলরক্ষক রাউল রেঞ্জেল দেখিয়েছেন উল্টো চমক। ম্যাচের ৮৭ মিনিটে তার জোড়া সেভ মেক্সিকোর জয় নিশ্চিত করে।
বাম দিক থেকে আসা একটি ক্রস থেকে দূরের পোস্টে চমৎকার হেড করেছিলেন কোরিয়ার চো গু-সাং। কিন্তু মেক্সিকান দেয়াল রেঞ্জেল একদম কাছ থেকে অবিশ্বাস্য দক্ষতায় তা রুখে দেন। ফিরতি বলে চো গু-সাং আবারও শট নিলে রেঞ্জেল তার আঙুলের ডগা দিয়ে সেটিও ঠেকিয়ে দেন। শেষ মুহূর্তে এমন সহজ সুযোগ নষ্ট হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় কোরিয়াকে।
এই জয়ের ফলে নকআউট পর্ব নিশ্চিত করে মেক্সিকো তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের। অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডে যাওয়ার অপেক্ষা বাড়া দক্ষিণ কোরিয়া আগামী ২৪ জুন মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
কাতারের বিপক্ষে কানাডার ঐতিহাসিক প্রথম জয়
বসনিয়ার বিপক্ষে বড় জয় সুইজারল্যান্ডের