বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচেই পয়েন্ট খুইয়ে কিছুটা চাপে পড়ে গেছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়া সেলেসাওরা এবার হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে। তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইস'র চোখ শুধু জয়ে নয়, প্রতিপক্ষকে গোলশূন্য রাখাতেও।
গ্রুপের তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হাইতির বিপক্ষে শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গ্যাব্রিয়েল স্পষ্ট করে দিয়েছেন, শক্তিশালী প্রত্যাবর্তনের জন্য রক্ষণই হতে পারে দলের সবচেয়ে বড় অস্ত্র।
'আমরা গোল খেতে চাই না। যদি আমরা গোল না খাই, তাহলে জয়ের আরও কাছে থাকব। তবে এজন্য পুরো দলকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা জানি, ক্লিন শিট কতটা গুরুত্বপূর্ণ,' বলেন আর্সেনালের এই সেন্টার-ব্যাক।
তিনি আরও যোগ করেন, 'আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামব। বিশ্বাস করি, রক্ষণে দৃঢ় থেকে জয় নিয়েই মাঠ ছাড়তে পারব।'
মরক্কোর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই ছন্দহীন ছিল ব্রাজিল। দ্রুত গোল হজম করার পর ভিনিসিউস জুনিয়রর দুর্দান্ত একক নৈপুণ্যে সমতায় ফিরলেও পরে আর নিজেদের পরিচিত ফুটবল খেলতে পারেনি দলটি।
সেই ম্যাচের হতাশা এখনো আলোচনায় থাকলেও গ্যাব্রিয়েল জানিয়ে দিয়েছেন, দল অতীত নিয়ে পড়ে থাকতে চায় না।
'আমরা জানি, ওই ম্যাচে ভালো শুরু করতে পারিনি। এটা আমরা সবাই বুঝি। আমরা এমন ফুটবল খেলতে চাই না। আমরা ব্রাজিল, আমরা সবসময় বলের নিয়ন্ত্রণ রাখতে চাই,' বলেন তিনি।
তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই এগোতে হবে দলকে।
'ওই ম্যাচ এখন অতীত। আমরা সেখান থেকে শিক্ষা নিয়েছি, অভিজ্ঞতা অর্জন করেছি। সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এবার আমরা আমাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।'
মরক্কোর বিপক্ষে হোঁচট খাওয়ার পর ব্রাজিলের জন্য হাইতির ম্যাচটি অনেকটাই ঘুরে দাঁড়ানোর পরীক্ষা। শুধু জয় নয়, নিজেদের হারানো আত্মবিশ্বাস এবং পরিচিত ফুটবলও ফিরিয়ে আনার মঞ্চ হতে পারে এই ম্যাচ।