বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় কে এই বিতর্ক বহুদিনের। তবে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের কাছে এ নিয়ে কোনো দ্বিধা নেই। তার মতে, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে আবারও আলোচনায় উঠে আসেন ৩৮ বছর বয়সী মেসি। সেই ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি।
মেসির এই দুর্দান্ত পারফরম্যান্সের পর স্পেনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, “প্রতিটি ম্যাচেই মেসি প্রমাণ করে দিচ্ছে যে ইতিহাসের সেরা খেলোয়াড় সে-ই। এখনো কারও সন্দেহ থাকলে সেটি শুধু সন্দেহ খোঁজার চেষ্টা। এ বিষয়ে আর কিছু বলার নেই।”
তবে মেসিকে সর্বকালের সেরা বললেও নিজের ফুটবল-প্রেরণা হিসেবে ব্রাজিলিয়ান তারকা নেইমারের নাম নিয়েছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। তার ভাষায়, “আমার আদর্শ নেইমার। কিন্তু বিশ্বের সেরা খেলোয়াড় মেসি।”
বিশ্বকাপে নিজের অবস্থান ও লক্ষ্য নিয়েও কথা বলেছেন ইয়ামাল। কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে তিনি খেলেছেন মাত্র ১৯ মিনিট। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এখনো সতর্কতার সঙ্গে এগোচ্ছেন তিনি।
তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই স্প্যানিশ তারকা। গোলের দৌড়ে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড কিংবা হ্যারি কেইনের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন করা হলে ইয়ামাল স্পষ্ট জানিয়ে দেন, তার লক্ষ্য ট্রফি জয়।
তিনি বলেন, “আমার খেলার ধরন ভিন্ন। আমি খেলাটা উপভোগ করতে চাই, জিততে চাই। ১৬ গোল করে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার চেয়ে ট্রফি জেতাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”