বিশ্বকাপের গ্রুপ পর্ব যত শেষের দিকে এগোচ্ছে, ততই জমে উঠছে নকআউটের সমীকরণ। একের পর এক ড্রয়ের কারণে বেশ কয়েকটি গ্রুপে পয়েন্ট তালিকা এমন অবস্থায় পৌঁছেছে, যেখানে শেষ ম্যাচের আগে একাধিক দল দাঁড়িয়ে আছে প্রায় একই জায়গায়। ফলে সমর্থকদের মুখে এখন একটি প্রশ্নই সবচেয়ে বেশি, দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে শেষ পর্যন্ত কারা জায়গা করে নেবে পরের পর্বে?
এই প্রশ্নের উত্তর দিয়েছে ফিফা। এবারের বিশ্বকাপে সমান পয়েন্ট পাওয়া দলগুলোর মধ্যে অবস্থান নির্ধারণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মুখোমুখি লড়াইয়ের ফলাফলকে।
অর্থাৎ গ্রুপ পর্ব শেষে দুই বা তার বেশি দলের পয়েন্ট সমান হলে প্রথমেই দেখা হবে তাদের নিজেদের মধ্যে অনুষ্ঠিত ম্যাচগুলোর ফল। সংশ্লিষ্ট দলগুলোর পারস্পরিক লড়াইয়ে যে দল বেশি পয়েন্ট অর্জন করেছে, তারাই এগিয়ে থাকবে।
তবে মুখোমুখি ম্যাচ ড্র হলে বা তাতেও যদি কোনো পার্থক্য তৈরি না হয়, তখন হিসাব যাবে সামগ্রিক গোল ব্যবধানে। গোল ব্যবধানও সমান হলে বিবেচনায় আসবে গ্রুপ পর্বে করা মোট গোলের সংখ্যা।
এরপরও যদি সমতা না ভাঙে, তখন দেখা হবে ‘ফেয়ার প্লে’ রেকর্ড। অর্থাৎ যে দল কম হলুদ ও লাল কার্ড পেয়েছে, তারা সুবিধাজনক অবস্থানে থাকবে। শৃঙ্খলাজনিত রেকর্ডও সমান হলে শেষ আশ্রয় হবে বিশ্ব র্যাঙ্কিং। টুর্নামেন্ট শুরুর আগে প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে যে দল এগিয়ে ছিল, তারাই পাবে পরবর্তী পর্বের টিকিট।
অবশ্য তৃতীয় স্থানধারী দলগুলোর জন্য নিয়ম কিছুটা ভিন্ন। কারণ তারা ভিন্ন ভিন্ন গ্রুপে খেলায় নিজেদের মধ্যে কোনো মুখোমুখি ম্যাচ থাকে না। ফলে সেখানে হেড-টু-হেড বিবেচনার সুযোগ নেই।
সেই কারণে সব গ্রুপের তৃতীয় স্থানধারী দলকে নিয়ে আলাদা একটি ‘ওয়াইল্ডকার্ড’ তালিকা তৈরি করা হবে। সেখানে প্রথমে দেখা হবে অর্জিত পয়েন্ট। এরপর গোল ব্যবধান, মোট গোলসংখ্যা, ফেয়ার প্লে রেকর্ড এবং সবশেষে ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হবে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল।
৪৮ দলের এই সম্প্রসারিত বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলিয়ে ২৪টি দল সরাসরি নকআউটে উঠবে। তাদের সঙ্গে যোগ দেবে সেরা আট তৃতীয় স্থানধারী দল।
ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোয় শুধু জয়-পরাজয়ই নয়, প্রতিটি গোল, প্রতিটি গোল হজম, এমনকি একটি হলুদ কার্ডও হয়ে উঠতে পারে অমূল্য। বিশ্বকাপের এই সূক্ষ্ম অঙ্কে অনেক সময় একটি অতিরিক্ত গোল কিংবা একটি অপ্রয়োজনীয় ফাউলই নির্ধারণ করে দিতে পারে কোনো দলের স্বপ্নের যাত্রা অব্যাহত থাকবে, নাকি সেখানেই শেষ হয়ে যাবে।