বিশ্বকাপের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগগুলোর একটি নিয়ে মাঠে নামছে ফ্রান্স। আর সেই আক্রমণের কেন্দ্রবিন্দুতে আছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, যিনি প্রথম ম্যাচেই জোড়া গোল করে জানিয়ে দিয়েছেন, বড় মঞ্চে তাঁর ধার এখনো আগের মতোই তীক্ষ্ণ।
সোমবার (২২ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাক-এর মুখোমুখি হবে ফরাসিরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এমবাপ্পে। আর তাঁকে থামানোর উপায় নিয়ে প্রশ্ন শুনে মজার এক জবাব দিয়েছেন ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড।
হাসতে হাসতে তিনি বলেন, 'আমি তো জিজ্ঞেস করেছিলাম, আমরা গোলপোস্টে একসঙ্গে তিনজন গোলরক্ষক খেলাতে পারি কি না! কিন্তু তারা সেটা অনুমোদন করেনি।'
রসিকতার আড়ালে অবশ্য লুকিয়ে ছিল প্রতিপক্ষের প্রতি গভীর সম্মান। কারণ গত বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পে বর্তমানে বিশ্বের অন্যতম ভয়ংকর আক্রমণভাগের নেতা। গতি, ফিনিশিং এবং বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য তাঁকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে।
তবে প্রতিপক্ষের শক্তি নিয়ে বেশি ভাবতে নারাজ আর্নল্ড। তাঁর মতে, ফ্রান্স কী করবে তা নিয়ন্ত্রণ করার সুযোগ নেই, কিন্তু নিজেদের পারফরম্যান্স পুরোপুরি নিজেদের হাতেই।
ইরাকি কোচ বলেন, 'ফ্রান্স কীভাবে খেলবে, সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমরা নিজেদের খেলাটা নিয়ন্ত্রণ করতে পারি। আমি নিশ্চিত, আমার খেলোয়াড়রা মাঠে নেমে বিশ্বকে নিজেদের সামর্থ্য দেখানোর জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে।'
বিশ্বকাপের বড় মঞ্চে ফ্রান্সকে আটকানো যে কঠিন চ্যালেঞ্জ, তা সবাই জানে। কিন্তু আর্নল্ডের কথায় স্পষ্ট, ইরাক শুধু প্রতিরোধ গড়তে নয়, নিজেদের সামর্থ্যেরও প্রমাণ দিতে মাঠে নামছে। আর সেই পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্ন, এমবাপ্পের ঝড় কতটা সামলাতে পারে তারা।