২০২৬ সালের ওঁজে ডি’অর পুরস্কার জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি সাময়িকী ‘ওঁজে মন্দিয়াল’-এর পাঠকদের ভোটে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। পুরস্কার জিততে পিএসজির দুই তারকা হোয়াও নেভেস ও খভিচা কাভারাস্খেলিয়াকে পেছনে ফেলেছেন তিনি।
পুরস্কারটির জন্য ভোট দিয়েছেন দুই মিলিয়নের বেশি পাঠক। তাঁদের মধ্যে ৪৮ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন এমবাপ্পে। দ্বিতীয় হওয়া নেভেস পেয়েছেন ১১ দশমিক ৯ শতাংশ ভোট। আর কাভারাস্খেলিয়ার পক্ষে ভোট পড়েছে ১০ দশমিক ৮ শতাংশ।
পুরস্কার জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এমবাপ্পে। এই স্বীকৃতিকে সারা বছরের পরিশ্রমের পুরস্কার হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে এটি তাঁকে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাচ্ছে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
এমবাপ্পে বলেন, ‘স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। সারা বছর ধরে যে পরিশ্রম করেছি, এটি তারই পুরস্কার। আরও ভালো করতে এবং এগিয়ে যেতে এটি আমাকে অনেক অনুপ্রেরণা দিচ্ছে।’
সমর্থকদের ভোটে পুরস্কার জেতার তাৎপর্য নিয়েও কথা বলেছেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর মতে, আধুনিক ফুটবলে সমর্থকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দর্শকদের বিনোদন দেওয়াও ফুটবলারদের কাজের একটি অংশ। তাই অন্য সবার চেয়ে বেশি আনন্দ দিতে পেরেছেন এমন স্বীকৃতি পাওয়া তৃপ্তির বিষয়।
২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪০টির বেশি গোল করেছেন এমবাপ্পে। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও গোল্ডেন বুট জিতেছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন ফরাসি অধিনায়ক।
মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার