ঝড়ে ভেস্তে যেতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ

বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় মাঠে গড়াবে লড়াইটি। তবে ঠিক ওই সময় মিয়ামি এলাকায় বজ্রসহ ঝড়ের পূর্বাভাস থাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

টুর্নামেন্টের নিরাপত্তা বিধি অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা তাৎক্ষণিকভাবে স্থগিত করতে হবে। সর্বশেষ বজ্রপাতের পর নির্ধারিত সময় পার না হওয়া পর্যন্ত ম্যাচ পুনরায় শুরু করা যাবে না। ফলে দীর্ঘ সময়ের বিলম্বের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এরই মধ্যে চলমান বিশ্বকাপে আবহাওয়ার প্রভাব দেখা গেছে। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ফ্রান্স-ইরাক ম্যাচটি তীব্র বজ্রঝড়ের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। সে সময় দর্শকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং ফুটবলারদের ড্রেসিংরুমে ফিরে যেতে হয়েছিল।

স্কটল্যান্ডের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, এমন পরিস্থিতির জন্য তার দল প্রস্তুত রয়েছে।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত কয়েক দিনে টুর্নামেন্টে আবহাওয়ার কারণে খেলা ব্যাহত হওয়ার নজির তৈরি হয়েছে। মিয়ামির আবহাওয়ার পূর্বাভাসও উদ্বেগজনক। তাই সম্ভাব্য বিলম্ব মাথায় রেখেই পরিকল্পনা সাজানো হয়েছে।

ক্লার্কের ভাষায়, বজ্রপাতের কারণে খেলা বন্ধ হলে অপেক্ষার সময় দীর্ঘ হতে পারে। তবে এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফ প্রস্তুত আছেন।

নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখতে স্কটল্যান্ডের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অন্তত এক পয়েন্ট প্রয়োজন। যদিও পরাজিত হলেও সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় জায়গা করে নেওয়ার সুযোগ পুরোপুরি শেষ হয়ে যাবে না।

অন্যদিকে ব্রাজিলের লক্ষ্য থাকবে জয় তুলে নিয়ে গ্রুপ পর্ব শেষ করার আগেই পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করা। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণে ফুটবলের পাশাপাশি আবহাওয়াও বড় ভূমিকা রাখতে পারে।