দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। চোটের কারণে বিশ্বকাপের শুরুটা মাঠের বাইরে কাটালেও ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে অবশেষে দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে। শুধু তাই নয়, প্রয়োজন হলে পুরো ৯০ মিনিট খেলতেও প্রস্তুত এই তারকা ফরোয়ার্ড। এমন সুখবরই দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন নেইমার। অনুশীলনেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। ফলে দলে ফেরার পথে আর কোনো বাধা নেই।
কাঁধের পেশিতে চোট পাওয়ায় মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। তবে পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে শেষ করে এখন আবারও প্রস্তুত হয়েছেন দলের জার্সি গায়ে চাপানোর জন্য।
নেইমারের ফেরায় স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে না পারা সেলেসাওরা এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। আর সেই অভিযানে দলের সবচেয়ে অভিজ্ঞ ও প্রভাবশালী ফুটবলারের প্রত্যাবর্তন নিঃসন্দেহে বড় প্রাপ্তি।
নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘সে খুব ভালো অবস্থায় আছে। এই সপ্তাহে দারুণ অনুশীলন করেছে। সে সম্পূর্ণ ফিট এবং খেলতে প্রস্তুত। আমরা খুশি যে সে ফিরে এসেছে। সে একজন অসাধারণ ফুটবলার।’
ব্রাজিল কোচ আরও যোগ করেন, ‘তার মানসিকতা দুর্দান্ত। সে খুবই পেশাদার এবং সিরিয়াস। দলে ফিরতে কঠোর পরিশ্রম করেছে। এখন সে আবার মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত।’
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাই শুধু ব্রাজিলের জন্য নয়, নেইমারের জন্যও হতে যাচ্ছে বিশেষ এক উপলক্ষ। চোটের অন্ধকার পেরিয়ে বিশ্বকাপের আলোয় ফেরার অপেক্ষায় এখন ব্রাজিলিয়ান মহাতারকা।
স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার
বিশ্বকাপের প্রথম হোম-অফিস ফুটবলার নেইমার
আমার আদর্শ নেইমার, কিন্তু মেসিই সেরা: ইয়ামাল