বিশ্বকাপ কে জিতবে, ভবিষ্যদ্বাণী করলেন সেই তান্ত্রিক

ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম আবারও আলোচনায়। অতীতে ফুটবল নিয়ে নানা বিতর্কিত দাবি করে পরিচিতি পাওয়া এই ওঝা এবার ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ বিশ্বকাপের শিরোপা উঠবে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই।

ব্রিটিশ ও আফ্রিকান কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বনসাম দাবি করেন, আধ্যাত্মিকভাবে তিনি ইতোমধ্যেই পর্তুগালের বিশ্বকাপ জয় দেখতে পেয়েছেন। তাঁর ভাষায়, ‘এই বিশ্বকাপ রোনালদোর। ট্রফিটা ওর হাতেই উঠবে।’

২০১৪ বিশ্বকাপের আগে প্রথম আলোচনায় আসেন নানা কোয়াকু বনসাম। সে সময় তিনি দাবি করেছিলেন, ‘কালো জাদু’ প্রয়োগ করে রোনালদোকে বিপাকে ফেলেছেন। ওই বিশ্বকাপে পর্তুগাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় এবং চোটে ভুগে রোনালদোও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। এরপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত নাম হয়ে ওঠেন তিনি।

নিজের দাবি অনুযায়ী, ঘানার একটি প্রত্যন্ত গ্রামের আশ্রমে অর্জিত অলৌকিক শক্তির মাধ্যমে তিনি প্রতিপক্ষের খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে পারেন। তবে এসব দাবির পক্ষে কখনোই কোনো বৈজ্ঞানিক বা বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।

চলতি বিশ্বকাপেও তিনি দাবি করেছেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে ‘মন্ত্রবলে’ আটকে রেখেছিলেন। এবার তাঁর নতুন ভবিষ্যদ্বাণীর কেন্দ্রবিন্দু পর্তুগাল ও ক্রিস্টিয়ানো রোনালদো।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা রোনালদোর জন্য ২০২৬ বিশ্বকাপকে সম্ভাব্য শেষ বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই শিরোপার স্বপ্ন পূরণ করতে পারবেন কি না, সেটিই এখন ফুটবলপ্রেমীদের বড় আগ্রহের বিষয়। তবে নানা কোয়াকু বনসামের এই দাবি কেবল তাঁর ব্যক্তিগত ভবিষ্যদ্বাণী; এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।