অভিষেকেই ইতিহাস গড়লো কেপ ভার্দে, বিদায় উরুগুয়ের

আপডেট : ২৭ জুন ২০২৬, ১২:৩৪ পিএম

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। হিউস্টনে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি।

গ্রুপ পর্বে তিন ম্যাচেই ড্র করেছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য রুখে দেয় তারা। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে নকআউটের সম্ভাবনা জোরালো করে। শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও গোলশূন্য ড্র করে ইতিহাসের পাতায় নাম লেখায় দলটি। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

অন্যদিকে, একটি হার ও দুটি ড্র নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সৌদি আরব।

গ্রুপের অন্য ম্যাচে স্পেন ১-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ৪২ মিনিটে, যখন গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলের সুযোগ কাজে লাগিয়ে জালের দেখা পান আলেক্স বায়েনা। বিরতির সময়ই মুসলেরাকে বদলি করেন কোচ মার্সেলো বিয়েলসা। তবে সেই সিদ্ধান্তও ম্যাচের ফল বদলাতে পারেনি।

ম্যাচের শেষ দিকে হতাশা থেকে লাল কার্ড দেখেন উরুগুয়ের আগুস্তিন কানোবিও। মাঠ ছাড়ার সময় রেফারির সঙ্গে তাঁর আচরণের কারণে অতিরিক্ত শাস্তির মুখেও পড়তে পারেন তিনি।

এই জয়ে স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে। আর টুর্নামেন্টের অন্যতম বড় চমক হয়ে বিশ্বকাপ অভিষেকেই শেষ ৩২ নিশ্চিত করেছে কেপ ভার্দে। অন্যদিকে, টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে।

AM/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত