শেষ ৩২ থেকে ফাইনালের যাত্রায় আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ

বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে রোববার (২৮ জুন)। নকআউটের ব্র্যাকেট চূড়ান্ত হয়ে গেছে। আর্জেন্টিনা এক ম্যাচ হাতে রেখে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয়েছে। শেষ ৩২ এ তারা এইচ গ্রুপের রানার্সআপ কেপ ভার্দের মুখোমুখি হবে।

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতে বাকি আর মাত্র একদিন। এরই মধ্যে নকআউট পর্বের ব্র্যাকেট চূড়ান্ত হয়ে যাওয়ায় শিরোপাধারী আর্জেন্টিনার সম্ভাব্য পথও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এক ম্যাচ হাতে রেখেই নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা লিওনেল মেসির দল শেষ বত্রিশে মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ কেপ ভার্দের।

বিশ্বকাপে অভিষেকেই ইতিহাস গড়ে শেষ বত্রিশে ওঠা কেপ ভার্দে অবশ্য সহজ প্রতিপক্ষ নয়। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের গ্রুপ পেরিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। ফলে শুরু থেকেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

শেষ বত্রিশের বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা মিসর। অস্ট্রেলিয়া জায়গা নিশ্চিত করতে পারলে ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতি ফিরবে। সেবারও একই পর্বে দুই দলের লড়াইয়ে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে আর্জেন্টিনার সামনে অপেক্ষা করতে পারে আরও কঠিন চ্যালেঞ্জ। সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ‘কে’ গ্রুপের শীর্ষ দল, যা নির্ধারিত হবে কলম্বিয়া ও পর্তুগালের ম্যাচের পর। শেষ আটে তাদের আরেক সম্ভাব্য প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যারা ইতোমধ্যেই নিজেদের গ্রুপে অবস্থান নিশ্চিত করেছে।

শিরোপার পথে আরও এগোতে পারলে সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে আসতে পারে ব্রাজিল কিংবা ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ। আর ফাইনালে জায়গা করে নিতে পারলে অপেক্ষায় থাকতে পারে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস অথবা জার্মানির মতো ইউরোপের পরাশক্তিগুলোর যেকোনো একটি।

আর্জেন্টিনার সম্ভাব্য নকআউট সূচি:

রাউন্ড অব ৩২: ৪ জুলাই, ভোর ৪টা — মায়ামি স্টেডিয়াম
রাউন্ড অব ১৬: ৭ জুলাই, রাত ১০টা — আটলান্টা
কোয়ার্টার ফাইনাল: ১২ জুলাই, সকাল ৭টা — কানসাস সিটি
সেমিফাইনাল: ১৬ জুলাই, রাত ১টা — আটলান্টা স্টেডিয়াম
ফাইনাল: ২০ জুলাই, রাত ১টা — নিউজার্সি স্টেডিয়াম