যে সমীকরণে মিলবে ইরানের নকআউট টিকিট

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৩:৪১ পিএম

মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শেষ ৩২ ওঠার ভাগ্য ঝুলে রইলো ইরানের। তবে নকআউট পর্বের আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। অন্য গ্রুপের কয়েকটি ম্যাচের ফল অনুকূলে এলেই কেবল পরের পর্বে জায়গা করে নিতে পারবে দলটি।

গ্রুপ ‘জি’-তে তিন ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ইরান। একই গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অর্জন করে নকআউট নিশ্চিত করেছে বেলজিয়াম। আর ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে পরের পর্বে উঠেছে মিসর।

এখন ইরানের নকআউটে ওঠা নির্ভর করছে তিনটি ম্যাচের ফলাফলের ওপর।

১. আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচ ড্র হতে হবে।

২. ডিআর কঙ্গোর কাছে উজবেকিস্তানকে হারতে হবে।

৩. ঘানার বিপক্ষে অন্তত এক পয়েন্ট অর্জন করতে হবে ক্রোয়েশিয়াকে।

এই তিন শর্ত পূরণ হলেই শেষ ৩২-এর টিকিট পেতে পারে ইরান। এর যেকোনো একটি সমীকরণ না মিললে বিদায় নিতে হবে তাদের।

মিসরের বিপক্ষে ম্যাচে শুরুতেই গোল হজম করলেও ১৪তম মিনিটে রামিন রেজায়ানের গোলে সমতায় ফেরে ইরান। যোগ করা সময়ে জয়সূচক গোলও করেছিল দলটি। তবে ভিএআরের সহায়তায় অফসাইডের সিদ্ধান্তে সেটি বাতিল হয়। এরপর সাইয়েদ এজাতোলাহির শট পোস্টে লেগে ফিরে এলে জয় আর ধরা দেয়নি।

ফলে নকআউটের স্বপ্ন এখনও বেঁচে থাকলেও, সেই স্বপ্ন পূরণে এখন অন্য দলগুলোর ফলাফলের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে ইরানকে।

AM
আরও পড়ুন