আফকন থেকে বিশ্বকাপ, সেনেগালের ভিএআর দুঃস্বপ্ন

সিয়াটলের রাতটা যেন সেনেগালের জন্য পুরোনো এক দুঃস্বপ্নেরই পুনরাবৃত্তি। জয় যখন প্রায় নিশ্চিত, তখনই সবকিছু ওলটপালট করে দিল ভিএআর। আফ্রিকা কাপ অব নেশনসের বিতর্কিত সমাপ্তির কয়েক মাস পর বিশ্বকাপেও শেষ মুহূর্তের পেনাল্টিতে বিদায় নিতে হলো তেরাঙ্গা লায়ন্সদের। ফলে আফ্রিকার অন্যতম শক্তিশালী দলটির কাছে বিশ্বকাপের স্বপ্নও শেষ হয়ে গেল নির্মম এক পরিণতিতে।

রাউন্ড অব ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল সেনেগাল। প্রিমিয়ার লিগ তারকা হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে স্বস্তিতেই ছিল পাপে থিয়াওয়ের দল। বিশেষ করে সারের অসাধারণ গোলটি ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপে চার গোল করে ক্যামেরুন কিংবদন্তি রজার মিলার আফ্রিকান রেকর্ডও স্পর্শ করেন তিনি।

কিন্তু ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে বদলে যায় দৃশ্যপট। ৮৬ মিনিটে রোমেলু লুকাকু ব্যবধান কমানোর পর ৮৯ মিনিটে সমতা ফেরান ইউরি টিলেমান্স। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে ভিএআরের হস্তক্ষেপে বেলজিয়াম পেনাল্টি পায়। রেফারি সাইদ মার্তিনেজ রিপ্লে দেখে লামিন কামারার ট্যাকলকে ফাউল হিসেবে বিবেচনা করেন। সেই স্পটকিক থেকেই ১২৫তম মিনিটে জয়সূচক গোল করেন টিলেমান্স।

সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি সেনেগালের খেলোয়াড়রা। তারা তীব্র প্রতিবাদ জানালেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলায়নি। ম্যাচ শেষে সেনেগাল কোচ পাপে থিয়াওও বলেন, তাদের দৃষ্টিতে এটি কোনো পেনাল্টিই ছিল না। তবে সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কিছু করার ছিল না।

এই ঘটনার সঙ্গে জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালের বিস্ময়কর মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। সেবারও স্বাগতিক মরক্কোর বিপক্ষে শেষ মুহূর্তে ভিএআরের সিদ্ধান্তে বিতর্কিত পেনাল্টি পায় প্রতিপক্ষ। ম্যাচজুড়ে নানা নাটকীয়তার পর সেনেগাল মাঠ ছেড়েও চলে গিয়েছিল। পরে ফিরে এসে খেললেও শেষ পর্যন্ত সেই শিরোপাও হারাতে হয়। বর্তমানে সেই মামলার শুনানি চলছে ক্রীড়া সালিশি আদালতে।

বিশ্বকাপেও ভাগ্য যেন একই গল্প লিখল। শেষ কয়েক মিনিটে দুই গোল হজম করে দুই গোলের লিড হারানো এবং অতিরিক্ত সময়ে পেনাল্টিতে বিদায়, বিশ্বকাপ ইতিহাসে দুই গোলে পিছিয়ে থেকেও বেলজিয়ামের এমন প্রত্যাবর্তন নতুন রেকর্ড গড়েছে।

ম্যাচ শেষে হতাশ থিয়াও বলেন, দল ম্যাচের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু প্রথম গোল হজমের পর খেলোয়াড়রা আরও রক্ষণাত্মক খেলা শুরু করে এবং সেখান থেকেই ম্যাচ হাতছাড়া হয়ে যায়। তার ভাষায়, শেষ পর্যন্ত এভাবে হারাটা খুবই নিষ্ঠুর।

এই হারের পর সমালোচনার মুখে পড়েছেন থিয়াওও। লা লিগায় আফ্রিকার সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মিডফিল্ডার পাপে গেইয়ে ঘোষণা দিয়েছেন, বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকা পর্যন্ত তিনি জাতীয় দল থেকে বিরতি নেবেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক সমর্থক থিয়াওয়ের বদলি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

তবে সব হতাশার মাঝেও কোচের কণ্ঠে ছিল বাস্তবতার সুর। তার সংক্ষিপ্ত মন্তব্য, ‘এভাবেই কখনও কখনও ফুটবল নির্মম হয়ে ওঠে।’ সূত্র: বিবিসি