কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

নকআউটের চাপ, প্রতিপক্ষের আত্মবিশ্বাস আর শিরোপা ধরে রাখার লক্ষ্য, সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার জন্য এখন ভুলের কোনো সুযোগ নেই। তাই কেপ ভার্দের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সবচেয়ে বড় মাথাব্যথা লিওনেল স্কালোনির। মূল একাদশ প্রায় চূড়ান্ত হলেও তিনটি পজিশনে এখনো নিশ্চিত হতে পারেননি বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ টুর্নামেন্টের অন্যতম চমক কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে ওঠা আলবিসেলেস্তেরা এবার পরীক্ষিত শক্তিকেই ভরসা করতে চায়।

জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে একসঙ্গে নয়টি পরিবর্তন এনে স্কোয়াডের গভীরতা যাচাই করেছিলেন স্কালোনি। তবে সেই পরীক্ষা শেষ। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ার বিপক্ষে যে দলটি খেলেছিল, মূলত সেই কাঠামোতেই ফিরছে আর্জেন্টিনা। দলে ফিরছেন অধিনায়ক লিওনেল মেসিও। ফলে দুই স্ট্রাইকারের কৌশল থেকে সরে পরিচিত ছকে খেলার সম্ভাবনাই বেশি।

সবচেয়ে বড় দ্বিধা তৈরি হয়েছে বাম প্রান্তের রক্ষণে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো। কিন্তু তার অনুপস্থিতিতে সুযোগ পেয়ে ফাকুন্দো মেদিনা এমন পারফরম্যান্স দেখিয়েছেন, যা নির্বাচকদের সিদ্ধান্ত কঠিন করে তুলেছে। অভিজ্ঞতা নাকি সাম্প্রতিক ফর্ম, কোনটিকে বেশি গুরুত্ব দেওয়া হবে, সেটিই এখন প্রশ্ন।

রক্ষণভাগের মাঝখানেও রয়েছে অনিশ্চয়তা। ডান হাঁটুর চোট পুরোপুরি না কাটলে ক্রিশ্চিয়ান রোমেরোর জায়গায় নিকোলাস ওতামেন্দির একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে অভিজ্ঞতার জুটি গড়বেন ওতামেন্দি।

তবে সবচেয়ে আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা আক্রমণভাগে। লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, মেসির পাশে শুরু করবেন কে? জর্ডানের বিপক্ষে গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাউতারো। অন্যদিকে আলভারেজও স্কালোনির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অস্ত্র। সাম্প্রতিক পারফরম্যান্সে লাউতারো কিছুটা এগিয়ে থাকলেও শেষ সিদ্ধান্ত এখনো নেননি কোচ।

অবশিষ্ট জায়গাগুলোতে পরিবর্তনের সম্ভাবনা কম। গোলবারের নিচে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। ডান প্রান্তে নাহুয়েল মলিনা, মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস মাক অ্যালিস্টার ও থিয়াগো আলমাদার ওপরই আস্থা রাখার সম্ভাবনা বেশি।

সব মিলিয়ে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার পরিকল্পনা প্রায় প্রস্তুত। তবে বাম ফুলব্যাক, সেন্টারব্যাক এবং সেন্টার ফরোয়ার্ড, এই তিনটি পজিশনে স্কালোনির চূড়ান্ত সিদ্ধান্তই ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো/নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস মাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ/হুলিয়ান আলভারেজ।