ভোজিনিয়া ভেলকি বনাম 'বাজপাখি' মার্টিনেজ

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম

বিশ্বকাপের গ্রুপ পর্বে এমিলিয়ানো মার্টিনেজকে খুব বেশি পরীক্ষা দিতে হয়নি। তবে শেষ ষোলোর মঞ্চে সেই চিত্র বদলে যেতে পারে। কারণ, তার বিপরীত প্রান্তে থাকবেন চলতি আসরের অন্যতম আলোচিত গোলকিপার ভোজিনিয়া, যিনি স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের রূপকথার অভিযানের অন্যতম নায়ক হয়ে উঠেছেন।

স্পেনের মতো ইউরোপের শক্তিশালী আক্রমণভাগকে হতাশ করে বিশ্বকাপে আলোচনায় উঠে এসেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। এবার তার সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় রাউন্ড অব ৩২-এ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। ফলে লিওনেল মেসিদের থামানোর কঠিন দায়িত্বও থাকবে তার কাঁধে।

গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতে ক্লিন শিট রেখেছেন ভোজিনিয়া। স্পেনের বিপক্ষে একাই সাতটি সেভ করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান তিনি। উরুগুয়ের বিপক্ষে দুটি গোল হজম করলেও সেই ম্যাচে কেপ ভার্দে ড্র করে মূল্যবান এক পয়েন্ট তুলে নেয়। সৌদি আরবের বিপক্ষেও তিনটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। সব মিলিয়ে প্রথম পর্বে তার ঝুলিতে রয়েছে দুটি ক্লিন শিট এবং ১০টি সেভ।

অন্যদিকে আর্জেন্টিনার গোলপোস্টে থাকা মার্টিনেজ এখন পর্যন্ত খুব একটা ব্যস্ত সময় কাটাননি। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে প্রতিপক্ষ খুব কম সুযোগ তৈরি করতে পেরেছে। তিন ম্যাচে দুটি ক্লিন শিটের পাশাপাশি মাত্র একটি গোল হজম করেছেন তিনি। উল্লেখযোগ্য সেভের সুযোগও এসেছে হাতে গোনা।

তবে নকআউটের ম্যাচ ভিন্ন বাস্তবতা তৈরি করে। একটিমাত্র ভুল যেমন বিদায়ের কারণ হতে পারে, তেমনি একটি সেভ বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। তাই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু মেসি নন, থাকবেন দুই গোলরক্ষকও।

স্পেনকে আটকে দেওয়া ভোজিনিয়ার সামনে এবার আরও বড় পরীক্ষা। আর বিশ্বকাপজয়ী মার্টিনেজের লক্ষ্য হবে নিজের পোস্ট আগলে রেখে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে দেওয়া। ফলে দুই প্রান্তের দুই গোলরক্ষকের লড়াইটিও ম্যাচের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

AS
আরও পড়ুন