নরওয়েকে থামাতে আনচেলত্তির বিশেষ পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একই দিনে অনুষ্ঠিত নরওয়ে ও ব্রাজিলের সংবাদ সম্মেলনের চিত্র ছিল একেবারেই বিপরীত। নরওয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। বলা যায় প্রেস কনফারেন্স কক্ষের অর্ধেকেরও বেশি আসন ছিল ফাঁকা। এদিকে ব্রাজিলের সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগেই প্রায় পুরো হল সাংবাদিকে পরিপূর্ণ হয়ে যায়। কোচ কার্লো আনচেলত্তি মঞ্চে উঠতেই ক্যামেরার ফ্ল্যাশ ও শাটারের শব্দে মুখর হয়ে ওঠে পুরো কক্ষ।

বিশ্বকাপে সবচেয়ে আলোচিত কোচদের একজন এখন আনচেলত্তি। ক্লাব ফুটবলে দীর্ঘ সাফল্যের পর এবার ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। জাপানের বিপক্ষে তার কৌশল সফল হওয়ায় টুর্নামেন্টে ধীরে ধীরে ছন্দে ফিরছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দলের পারফরম্যান্সে এখনও পুরোপুরি সন্তুষ্ট নন এই ইতালিয়ান কোচ। নিজের দলের পারফরম্যান্সকে ১০ এর মধ্যে কত নম্বর দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৭। আমাদের আরও উন্নতি করতে হবে।’

দলের এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচেরও মূল্যায়ন করেছেন আনচেলত্তি। তার মতে, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের পারফরম্যান্স ছিল ৫, স্কটল্যান্ডের বিপক্ষেও ৫ এবং জাপানের বিপক্ষে ৬।

সংবাদ সম্মেলনের শুরুতেই লুকাস পাকেতাকে নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হন ব্রাজিল কোচ। জবাবে তিনি বলেন, ‘বাস্তবিকভাবে তার প্রকৃত বিকল্প নেই। তবে প্রতিপক্ষের ধরন বিবেচনা করে বিকল্প পরিকল্পনা করার চেষ্টা করব।’

এদিকে, ৫ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে আছেন নরওয়ের তারকা আর্লিং হালান্ড। তবে আনচেলত্তির দৃষ্টি শুধু হালান্ডকে আটকে রাখার দিকে নয়, বরং পুরো নরওয়ে দলকেই কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা তার।

তিনি বলেন, ‘হালান্ড অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমার ডিফেন্ডাররা জানে তাকে কীভাবে আটকাতে হবে। আমি শুধু হালান্ড নয়, পুরো নরওয়েকে আটকানোর চিন্তা করছি।’

ব্রাজিলের প্রেস কনফারেন্স মানেই নেইমারকে নিয়ে প্রশ্ন। আজ নরওয়ে ম্যাচের আগের দিনও একই। এই প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস ও নেইমার একসঙ্গে হলে অবশ্যই দারুণ হয়। নেইমার এখন ফিট। সে পুরো ম্যাচ খেলার পর্যায়ে রয়েছে।’ নেইমারকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তাকে কি খেলাবেন? এ বিষয়ে সরাসরি কিছু বলেননি কোচ। পাকেতার বিকল্প ও রাফিনহা প্রসঙ্গ উঠলে আনচেলত্তি বলেন, ‘কৌশল ও একাদশ নিয়ে কথা বলার যথাযথ জায়গা এটা নয়।’

নরওয়ের কোচ স্টেল সোলবাকেন প্রতিপক্ষকে নিয়ে কথা বলেছেন। তার মতে ব্রাজিল ফেভারিট। আর আনচেলত্তি বিশ্বের সেরা কোচদের একজন। এ নিয়ে ব্রাজিল কোচের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘এটা তার বিনয়। মাঠে আমাদের কাজ সঠিকভাবে শতভাগ করতে হবে।’

বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি মাঠে যেমন কৌশলী, সংবাদ সম্মেলনেও তেমনি সংযত। সাংবাদিকদের নানা কঠিন প্রশ্নের মুখেও তাকে বিচলিত হতে দেখা যায়নি। বরং ধীরস্থিরভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ইতালীয় ভাষার পাশাপাশি পর্তুগিজ ও ইংরেজিতেও স্বাচ্ছন্দ্যে কথা বলেন ব্রাজিল কোচ। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে ব্রাজিলের এক জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সংক্ষিপ্ত সৌজন্য আলাপও করেন আনচেলত্তি।