বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের বিপক্ষে মাঠে নামার ঠিক আগে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকেতা। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে ম্যাচে খেলতে গিয়েই চোট পান পাকেতা। চোটের কারণে দ্বিতীয়ার্ধে তাকে আর মাঠে দেখা যায়নি। এরপর আশা করা হচ্ছিল, শেষ ষোলোর ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন।
কিন্তু শেষ পর্যন্ত সেই চোট কাটিয়ে ফিরতে পারেননি এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
পাকেতার অনুপস্থিতিতে ব্রাজিলের মাঝমাঠের ভারসাম্য নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। আক্রমণ ও রক্ষণভাগের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন তিনি। ফলে নরওয়ের শক্তিশালী মাঝমাঠের বিপক্ষে তার শূন্যতা কীভাবে পূরণ করা হবে, সেটিই এখন বড় প্রশ্ন।
ব্রাজিল ও নরওয়ের মধ্যকার শেষ ষোলোর ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে। নেইমার জুনিয়রকে পুরো ৯০ মিনিট পাওয়ার সম্ভাবনা থাকলেও, পাকেতার ছিটকে যাওয়া সেলেসাওদের জন্য বড় উদ্বেগ হয়ে দেখা দিয়েছে।