‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

বিশ্বকাপের শেষ ষোলোয় রোববার (৫ জুলাই) রাতটা হতে যাচ্ছে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ এক রাত। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে দুই দলই নামবে নিজেদের সেরাটা নিয়ে।

তবে ম্যাচ শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড। তাকে থামানোই এখন ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই কারণেই বিশেষ পরিকল্পনা সাজিয়ে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। যদিও ইতালিয়ান এই কোচের বিশ্বাস, তার রক্ষণভাগ হালান্ডের মতো স্ট্রাইকারকে সামলানোর জন্য প্রস্তুত।

মজার ব্যাপার হলো, যে ফুটবলারকে থামানোর পরিকল্পনা করছে ব্রাজিল, সেই হালান্ডের হৃদয়ে জায়গা করে আছে সেলেসাওরাই। ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলা দেখে বড় হয়েছেন তিনি। ব্রাজিলের ফুটবল, তাদের ইতিহাস আর একের পর এক কিংবদন্তি ফুটবলার তাকে সবসময় মুগ্ধ করেছে।

হালান্ড বলেন, ‘ব্রাজিল এমন একটি দল, যাদের খেলা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। সবসময় তাদের অসাধারণ সব খেলোয়াড় ছিল। তাই তাদের বিপক্ষে খেলা সত্যিই বিশেষ এবং অসাধারণ অভিজ্ঞতা হবে।’

শুধু তাই নয়, ব্রাজিলকে তিনি ফুটবলের সৌন্দর্যের প্রতীক বলেও মনে করেন। তার ভাষায়, ব্রাজিলের নাম শুনলেই বিশ্বের সেরা খেলোয়াড়দের কথাই মনে পড়ে।

সাক্ষাৎকারের একেবারে শেষদিকে নিজের অনুভূতি লুকাননি হালান্ড। সংক্ষিপ্ত উত্তরেই বলে দিয়েছেন, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি।’

তবে ভালোবাসা থাকলেও মাঠের লড়াইয়ে কোনো ছাড় দিতে রাজি নন নরওয়ের এই তারকা। নিজের দেশকে জেতাতে আজ তিনি খেলবেন সর্বোচ্চ শক্তি দিয়ে। অন্যদিকে ব্রাজিল চাইবে হালান্ডের গোলের হুমকি নিষ্ক্রিয় করে শেষ আটের টিকিট নিশ্চিত করতে। তাই আবেগ এক পাশে রেখে, আজ রাতের লড়াই হবে শুধুই জয়ের।