শেষ ষোলোতে দুই তারকার পারফরম্যান্স কেমন?

বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি মেসি-সালাহ, কে এগিয়ে?

A২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিশরের লড়াই শুধু দুই দলের জন্যই নয়, ফুটবলপ্রেমীদের কাছেও বিশেষ আকর্ষণের। কারণ, বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম একে অপরের বিপক্ষে খেলতে যাচ্ছেন দুই মহাতারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ। যদিও ক্লাব ফুটবলে এর আগে দুইবার মুখোমুখি হয়েছেন তারা।

মেসি ও সালাহর প্রথম দেখা হয় ২০১৫ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে। তখন মেসি খেলতেন বার্সেলোনার হয়ে, আর সালাহ ছিলেন ইতালিয়ান ক্লাব রোমার সদস্য। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দুজনের কেউই গোলের দেখা পাননি। তবে মৌসুম শেষে মেসি, নেইমার ও লুইস সুয়ারেজকে নিয়ে বার্সেলোনা জিতে নেয় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

দ্বিতীয়বার মুখোমুখি হন ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে। প্রথম লেগে ক্যাম্প ন্যুতে বার্সেলোনা ৩-০ গোলে জয় পায়, যেখানে জোড়া গোল করেন মেসি। তবে দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে ইতিহাস গড়ে লিভারপুল। ৪-০ গোলের অবিশ্বাস্য জয়ে ফাইনালে ওঠে ইংলিশ ক্লাবটি। যদিও ইনজুরির কারণে সেই ম্যাচে খেলতে পারেননি সালাহ। পরে লিভারপুলই শিরোপা জিতে নেয়।

এবার বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো একে অপরের প্রতিপক্ষ হচ্ছেন এই দুই তারকা। শেষ ষোলোয় ওঠার পথে দুজনই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জেতা ম্যাচে গোল করেন মেসি। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল না পেলেও দুর্দান্ত পারফরম্যান্স করেন সালাহ এবং টাইব্রেকারে সফলভাবে নিজের শট জালে পাঠান। সেই জয়েই ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে মিশর।

বিশ্বকাপে এটাই হয়তো মেসি ও সালাহর প্রথম, আবার শেষ দেখাও হতে পারে। ৩৯ বছর বয়সী মেসির ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম। তবে চলতি আসরে তিনি আছেন দুর্দান্ত ছন্দে চার ম্যাচে করেছেন সাত গোল। অন্যদিকে সদ্য ৩৪ বছরে পা রাখা সালাহর ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ার পর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে সালাহ সরাসরি কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘এটা হয়তো কিছু মহান খেলোয়াড়ের শেষ বিশ্বকাপ হতে পারে, আমি জানি না। তবে আজকের অনুভূতি অসাধারণ। দেশের জার্সি গায়ে চাপানোর চেয়ে গর্বের কিছু নেই। সতীর্থদের হাসিমুখে দেখা এবং ইতিহাস গড়া এটাই আমার জীবনের অন্যতম সেরা দিন।’

এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। বিশ্বকাপে প্রথম মেসি-সালাহ দ্বৈরথে শেষ হাসি হাসবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাকি নতুন ইতিহাস লেখার স্বপ্নে বিভোর মিশর সেই উত্তর মিলবে ৯০ মিনিটের লড়াই শেষে।