ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে আলোচনা-সমালোচনার কমতি নেই। বিশেষ করে আন্তর্জাতিক ফুটবলে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন প্রায় নিয়মিতই ওঠে। তবে এসব নিয়ে মোটেও বিচলিত নন পর্তুগালের এই মহাতারকা। বরং সমালোচকদের উদ্দেশে দিয়েছেন কড়া বার্তা।
রোনালদো বলেন, ‘আপনারা গত ২৩ বছর ধরে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন। নিশ্চয়ই এত দিনে বুঝে গেছেন, এতে কোনো লাভ নেই। এটা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। তারপরও আপনারা চেষ্টা করেই যাচ্ছেন।’
পর্তুগাল অধিনায়ক জানান, দীর্ঘ ক্যারিয়ারে এমন আলোচনা ও সমালোচনার সঙ্গে তিনি মানিয়ে নিয়েছেন। তাঁর ভাষায়, ‘এসবের সঙ্গে আমি পুরোপুরি অভ্যস্ত।’
৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বকাপ জয়ের বিষয়টিকেও নিজের ক্যারিয়ারের মূল্যায়নের একমাত্র মানদণ্ড হিসেবে দেখতে রাজি নন। রোনালদোর মতে, একটি শিরোপা তাঁর পুরো ক্যারিয়ারের অবস্থান নির্ধারণ করতে পারে না।
তিনি বলেন, ‘বিশ্বকাপ জিতলেই আমি হঠাৎ করে আরও বড় ক্রিশ্চিয়ানো রোনালদো হয়ে যাব, আর না জিতলে ছোট হয়ে যাব বিষয়টা মোটেও এমন নয়।’
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের অনেক বিষয়কে ভিন্নভাবে দেখতে শেখার কথাও জানান রোনালদো। সমালোচনাকে এখন তিনি উন্নতির সুযোগ হিসেবেই দেখেন।
পর্তুগিজ তারকা বলেন, ‘বয়স মানুষকে এমন এক পরিপক্বতা দেয়, যা দিয়ে বোঝা যায় জীবনের সবকিছুর গুরুত্ব আপেক্ষিক। ৪০ বছর পার হওয়ার পর আমার বিরুদ্ধে যে সমালোচনা বা আক্রমণ হয়েছে, সেগুলোর জন্য আমি ধন্যবাদই জানাব। কারণ সমালোচনা থেকেই শেখা যায়, বড় হওয়া যায়।’
সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন মেসি
‘আমরা বিশ্বাস করেছিলাম, ঘুরে দাঁড়াতে পারব’, জয়ের পর এনগারাভা
বিশ্বকাপের শেষ ১৬ থেকেই তিন স্বাগতিকের বিদায়