বিশ্বকাপে এবার কেউই নিশ্চিত ফেবারিট নয়: স্কালোনি

এবারের বিশ্বকাপে কোনো দলকেই এককভাবে ফেবারিট মনে করছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার মতে, বর্তমান আসরের প্রতিযোগিতা আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে উঠেছে এবং ঐতিহ্যবাহী শক্তিশালী দলগুলোকেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে কঠিন লড়াই করতে হচ্ছে।

মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে যাওয়ার আগে কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে স্কালোনির দলকে। গ্রুপ পর্বে টানা তিন জয়ে সহজেই পরের ধাপে উঠলেও শেষ ষোলোর আগের ম্যাচে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই করতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পেলেও পারফরম্যান্স নিয়ে স্বস্তির চেয়ে স্বস্তির নিঃশ্বাসই বেশি ফেলতে হয়েছে আর্জেন্টিনাকে।

এবারের বিশ্বকাপে বড় দলগুলোর পথও সহজ হয়নি। চার বছর আগের রানার্সআপ ফ্রান্সকে শেষ ষোলোয় উঠতে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টির সহায়তা নিতে হয়েছে। স্পেনও পর্তুগালের বিপক্ষে জয় পেয়েছে যোগ করা সময়ের গোলে। অন্যদিকে ব্রাজিল ও জার্মানির মতো শীর্ষ দল ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

সোমবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, এবারের বিশ্বকাপে কোনো দলই স্পষ্ট ফেবারিট নয়। বিশ্বকাপ শুরুর আগে যেভাবে কয়েকটি দলকে এগিয়ে রাখা হয়েছিল, এবার সেই চিত্র নেই। পাশাপাশি এবারের বিশ্বকাপের পরিবেশ ও পরিস্থিতিও আগের আসরগুলোর তুলনায় ভিন্ন।’

খেলোয়াড়দের ওপর অতিরিক্ত ম্যাচের চাপকেও এবারের বিশ্বকাপে মানের ওঠানামার একটি কারণ হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, বেশিরভাগ খেলোয়াড়ই বিশ্বকাপের আগে অনেক বেশি ম্যাচ খেলেছে। তাদের শরীরে প্রচুর ম্যাচের ক্লান্তি রয়েছে। সম্ভবত এ কারণেই আমরা যে মানের ফুটবল দেখতে অভ্যস্ত, এবার সেটি সব সময় দেখা যাচ্ছে না।’

স্কালোনি মনে করেন, এখনো চার থেকে পাঁচটি দল শিরোপার অন্যতম দাবিদার। তবে বিশ্বকাপ শুরুর আগে তাদের নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, এখন পর্যন্ত তারা সেই মানের পারফরম্যান্স দেখাতে পারেনি।

নিজেদের দলের পারফরম্যান্স নিয়ে অবশ্য সন্তুষ্টি প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘আর্জেন্টিনার পারফরম্যান্স সন্তোষজনক। আমরা চারটি ম্যাচই জিতেছি, এটিই সন্তুষ্ট থাকার যথেষ্ট কারণ। তবে জিতলেও সব সময় উন্নতির সুযোগ থাকে।’

বিশ্বকাপের কঠিন বাস্তবতা তুলে ধরে স্কালোনি বলেন, দীর্ঘ ভ্রমণ, তীব্র গরম, মাঠের অবস্থা ও ঘাসের মানসহ নানা বিষয় খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। তাঁর ভাষায়, এসব কারণে অনেক সময় মাঠে নিজেদের সেরা ফুটবল দেখানো কঠিন হয়ে পড়ে।

কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাচে সব সময় পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয় না। কখনো প্রতিপক্ষ আপনাকে কঠিন পরীক্ষায় ফেলে। তখন জয়ের জন্য লড়াইয়ের মানসিকতা, তীব্রতা এবং দলের ভেতরের অদম্য চেতনার ওপর নির্ভর করতে হয়।’

তিনি আরও বলেন, ‘এই দলের মধ্যে সেই গুণ রয়েছে। আপনি কোনো দিন ভালো খেলবেন, কোনো দিন খারাপ খেলবেন। কিন্তু যেদিন সেরা ফুটবল খেলতে পারবেন না, সেদিন মানসিক শক্তিই সবচেয়ে বেশি প্রয়োজন। শেষ ম্যাচে যদি আমরা আমাদের চরিত্র ও লড়াইয়ের মানসিকতা ধরে রাখতে না পারতাম, তাহলে আজ বিশ্বকাপে টিকে থাকতে পারতাম না।’