সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামলো চলতি ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ের। সেই সঙ্গে চূড়ান্ত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ লাইনআপ। এবারের শেষ ষোলোর রাউন্ডে যেমন দেখা গেছে রুদ্ধশ্বাস সব লড়াই, তেমনি ফুটবল বিশ্ব সাক্ষী হয়েছে বড় বড় কিছু চমকের। তিন সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এই রাউন্ড থেকেই বিদায় নিয়েছে।
সবচেয়ে বড় অঘটনটি ঘটিয়েছে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে ইউরোপের এই দলটি। দলের জয়ের নায়ক তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড করেছেন জোড়া গোল। অন্যদিকে, মিশরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে ৩ গোল করে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এছাড়া তীব্র গরমের মাঝে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে টানা পাঁচ জয়ের রেকর্ড নিয়ে শেষ আটে উঠেছে ফ্রান্স। আরেক ম্যাচে সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে পা রেখেছে মরক্কো। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে স্পেন। বেলজিয়াম ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আরেক সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে। ১০ জন নিয়ে খেলেও মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে টিকে রয়েছে ইংল্যান্ড। আর শেষ ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড।
টানটান উত্তেজনায় বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের দৃষ্টি এখন কোয়ার্টার ফাইনালে। কাঙ্খিত সেই কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোর সময়সূচি খবর সংযোগের পাঠকদের জন্য নিম্নে তুলে ধরা হলো -
কোয়ার্টার ফাইনালের সময়সূচি (বাংলাদেশ সময়)
| ম্যাচ | তারিখ ও বার | বাংলাদেশ সময় |
| ফ্রান্স বনাম মরক্কো | ১০ জুলাই, শুক্রবার | রাত ২:০০ টা |
| স্পেন বনাম বেলজিয়াম | ১১ জুলাই, শনিবার | রাত ১:০০ টা |
| নরওয়ে বনাম ইংল্যান্ড | ১২ জুলাই, রবিবার | রাত ৩:০০ টা |
| আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড | ১৩ জুলাই, সোমবার | সকাল ৭:০০ টা |
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের এই ৪টি ম্যাচের বিজয়ীরা সরাসরি সেমিফাইনালের টিকিট পাবে। ম্যাচগুলো বাংলাদেশ সময় অনুযায়ী গভীর রাত এবং ভোরে অনুষ্ঠিত হবে।