২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করা ৪৮ দলের মধ্যে এখন পর্যন্ত টিকে আছে মাত্র আটটি দল। শিরোপার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে তারা। শেষ আটে ইউরোপের আধিপত্য স্পষ্ট ছয়টি দলই ইউরোপের। বাকি দুই দল দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও আফ্রিকার মরক্কো।
ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ও গ্লোবো’র জনপ্রিয় বিশ্লেষণী টুল ‘ক্রিস্টাল বল’-এর হিসাবে, কোয়ার্টার ফাইনালের বেশির ভাগ ম্যাচেই এগিয়ে রয়েছে ফেভারিট দলগুলো। তবে সেমিফাইনালে উঠতে প্রতিটি দলকেই কঠিন লড়াই করতে হবে।
টুর্নামেন্ট শুরুর আগে ফেবারিট হিসেবে বিবেচিত ফ্রান্স ও আর্জেন্টিনা এখন পর্যন্ত নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। দুই দলই করেছে ১৪টি করে গোল। গোলসংখ্যায় এগিয়ে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি (৮ গোল)। তার পরেই আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ড (৭ গোল করে)।
‘ক্রিস্টাল বল’-এর পূর্বাভাস অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে সবচেয়ে এগিয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা। এমনকি সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও ১০.৫ শতাংশ।
ফ্রান্স বনাম মরক্কো
আগের রাউন্ডে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে এসেছে ফ্রান্স। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে ভালো পারফরম্যান্সের পর নেদারল্যান্ডসকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো।
তবে পরিসংখ্যানের হিসাবে এগিয়ে ফ্রান্স। তাদের জয়ের সম্ভাবনা ৪৭.৫ শতাংশ, মরক্কোর ৩১ শতাংশ। ড্রয়ের সম্ভাবনা ২১.৩ শতাংশ।
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড
নাটকীয় ম্যাচে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।
এই ম্যাচে মেসিদের জয়ের সম্ভাবনা ৪৮.৭ শতাংশ। সুইজারল্যান্ডের সম্ভাবনা ২৬.১ শতাংশ, ড্রয়ের সম্ভাবনা ২৫.১ শতাংশ।
ইংল্যান্ড বনাম নরওয়ে
শেষ আটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে পারে ইংল্যান্ড ও নরওয়ের লড়াই। ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়েছে নরওয়ে, আর মেক্সিকোকে বিদায় করেছে ইংল্যান্ড।
‘ক্রিস্টাল বল’ অনুযায়ী, ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৪২.৩ শতাংশ, নরওয়ের ৩৭.৫ শতাংশ। ড্রয়ের সম্ভাবনা ২০ শতাংশ।
স্পেন বনাম বেলজিয়াম
ইউরোপের আরেক লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। পর্তুগালকে হারিয়ে শেষ আটে এসেছে স্পেন, আর যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম।
এ ম্যাচেও সামান্য এগিয়ে স্পেন। তাদের জয়ের সম্ভাবনা ৪০.৯ শতাংশ, বেলজিয়ামের ৩১.৬ শতাংশ এবং ড্রয়ের সম্ভাবনা ২৭.৪ শতাংশ।