বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর ম্যাচ পরিচালনার জন্য একই দেশের পাঁচজন ম্যাচ অফিশিয়াল নিয়োগ দিয়েছে ফিফা। মাঠের রেফারি থেকে শুরু করে সহকারী, চতুর্থ অফিশিয়াল ও রিজার্ভ সহকারী, সবাই আর্জেন্টিনার।
চলতি বিশ্বকাপে এটাই প্রথম কোনো ম্যাচ, যেখানে মাঠে ও মাঠের বাইরে দায়িত্বে থাকা পাঁচজন অফিশিয়ালই একই দেশের। এর মধ্যেই আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের পর ফিফার এই সিদ্ধান্ত নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
ফিফা সম্প্রতি ফ্রান্স-মরক্কো ম্যাচের অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে। তবে বিষয়টি বৃহস্পতিবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। অনেকের মতে, ফ্রান্সের সাম্প্রতিক দুটি বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ খেলার প্রেক্ষাপটে এমন নিয়োগ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে।
২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোতে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স ৪-৩ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়েছিল। অন্যদিকে ২০২২ বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ফ্রান্সকে পরাজিত করে শিরোপা জেতে।
এর আগে আটলান্টায় অনুষ্ঠিত আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর ম্যাচ পরিচালনা নিয়ে তদন্তের দাবিও জানায় মিশর।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট ফিফার সিদ্ধান্তের সমালোচনা করে মন্তব্য করেছে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এ ক্ষেত্রে প্রয়োজনীয় সংবেদনশীলতা দেখায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কয়েকজন ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, একটি গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে একই দেশের পাঁচজন অফিশিয়াল নিয়োগ নিরপেক্ষতা নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করতে পারে।
ফ্রান্স-মরক্কো ম্যাচে মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার ফাকুন্দো তেল্লো। তিনি ২০২২ বিশ্বকাপে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার সেমিফাইনালও পরিচালনা করেছিলেন। তাঁর সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন স্বদেশি জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। চতুর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি থাকবেন ক্রিস্তিয়ান নাভারো,দুজনই আর্জেন্টিনার।
বিষয়টি নিয়ে ফ্রান্সের ডিফেন্ডার দায়োত উপামেকানো বলেছেন, ‘রেফারি কে হবেন, সেটি নিয়ে আমরা মনোযোগ দিচ্ছি না। আমরা আগে কখনো এভাবে ভাবিনি। আমাদের পুরো মনোযোগ মরক্কোর বিপক্ষে ম্যাচে। আমরা জিততে চাই, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’