কম বেতনে পর্তুগালের দায়িত্ব নিচ্ছেন হোর্হে হেসুস

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১১:৩২ এএম

হোর্হে হেসুস পর্তুগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন বলে জানিয়েছে পর্তুগিজ সংবাদমাধ্যম `এ বোলা’।

৭১ বছর বয়সী এই কোচ দেশের জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার সুযোগকে অগ্রাধিকার দিয়ে তার বর্তমান আয়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ কম বেতনে কাজ করতে সম্মত হয়েছেন। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হতে পারে।

হোর্হে হেসুস পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ হলে তিনি রবার্তো মার্তিনেজের স্থলাভিষিক্ত হবেন। স্পেনের কাছে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দুই দিন পর বুধবার (৮ জুলাই) মার্তিনেজের চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।

জাতীয় দলের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে হেসুস বড় অঙ্কের আর্থিক ছাড় দিচ্ছেন। আল নাসরের কোচ হিসেবে তিনি বছরে ১ কোটি ২০ লাখ ইউরো বেতন পেতেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১২ কোটি টাকারও বেশি। তবে পর্তুগাল জাতীয় দলের কোচ হিসেবে তার বার্ষিক বেতন হবে ৪০ লাখ ইউরো।

নতুন দায়িত্বে হেসুসের প্রধান লক্ষ্য হবে ইউরো ২০২৮ এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল গড়ে তোলা। ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে পর্তুগাল, স্পেন ও মরক্কো।

সৌদি আরবে আল নাসরের হয়ে তার সর্বশেষ মৌসুম সফল ছিল এবং তার অধীনে ক্লাবটি লিগ শিরোপা জিতে ইতিহাসের ১১তম লিগ ট্রফি অর্জন করে।

NM/YA
আরও পড়ুন