চার সেমিফাইনালিস্টই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন

বিশ্বকাপের সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের পর সবশেষ দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব।

এবারের সেমিফাইনালে ওঠা চারটি দলই এর আগে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। ফলে নিশ্চিত হয়েছে, এবারের শিরোপাও উঠবে কোনো সাবেক চ্যাম্পিয়নের হাতেই; নতুন কোনো দল প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হতে পারছে না।

ফ্রান্স ১৯৯৮ ও ২০১৮ সালে, আর্জেন্টিনা ১৯৭৮, ১৯৮৬ এবং সর্বশেষ বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে, স্পেন ২০১০ সালে এবং ইংল্যান্ড ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল।

বিশ্বকাপ ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার, যখন সেমিফাইনালের চারটি দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। এর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯০ সালে। সেবার সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা, ইতালি, পশ্চিম জার্মানি ও ইংল্যান্ড। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল পশ্চিম জার্মানি।

প্রথমবার এমন নজির দেখা যায় ১৯৭০ সালের বিশ্বকাপে। সেবার সেমিফাইনালে খেলেছিল উরুগুয়ে, ব্রাজিল, ইতালি ও পশ্চিম জার্মানি। ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল।

এবারের প্রথম সেমিফাইনালে আগামী মঙ্গলবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। পরদিন একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।