আমরা জানতাম, আমাদের কষ্ট করতে হবে: স্কালোনি

অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কঠিন এই জয়কে দলের মানসিক দৃঢ়তার প্রতিফলন হিসেবে দেখছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার ভাষ্য, প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার মানসিকতা আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিরই অংশ।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, “আমরা জানতাম, আমাদের কষ্ট করতে হবে। এটা আমাদের রক্তে, আমাদের ডিএনএতেই আছে। আর সেটাই আমাদের মানসিক শান্তি দেয়।”

নির্ধারিত সময়ের ৬৭তম মিনিটে সুইজারল্যান্ড সমতা ফেরানোর পর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। দীর্ঘ সময় ধরে প্রতিপক্ষের দৃঢ় প্রতিরোধে চাপে থাকা আর্জেন্টিনা শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের শেষ দিকে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে।

ম্যাচের কঠিন বাস্তবতা তুলে ধরে স্কালোনি বলেন, “ওরা খুব কঠিন প্রতিপক্ষ ছিল। ব্যক্তিগত লড়াইয়ে জেতা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। টানা পাঁচ-ছয়টির বেশি পাসও দিতে পারছিলাম না।”

সেমিফাইনালে ওঠাকে দলের জন্য একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, “এই দল যা অর্জন করেছে, তা ঐতিহাসিক। যদিও আমরা আরও ভালো খেলতে পারতাম। তবু আবারও বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক অর্জন।”

আগামী বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড।

তবে সম্ভাব্য প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে বিশদ আলোচনায় না গিয়ে নিজেদের প্রস্তুতিকেই বেশি গুরুত্ব দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, “ইংল্যান্ড হোক বা নরওয়ে-তাতে কিছু আসে যায় না। আমরা এমন একটি দলের মুখোমুখি হব, যারা দারুণ ফুটবল খেলে এবং যাদের কোচও অসাধারণ। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন খেলোয়াড়দের দ্রুত পুনরুদ্ধার (রিকভারি)।”