বিশ্বকাপ সেমিফাইনালের সময়সূচি

চলমান ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। আগামী ১৪ ও ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে শেষ চারের দুটি ম্যাচ। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন, আর দ্বিতীয় ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

বিশ্বকাপের প্রায় শত বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে শিরোপার লড়াইয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

মরক্কোকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। তাদের প্রতিপক্ষ স্পেন কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে এসেছে। এবারের আসরে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিজেদের নিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে, ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনও দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের স্বপ্ন দেখছে।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ২০১৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে তারা নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে। তারকাসমৃদ্ধ দল নিয়ে এবারের আসরে ইংলিশদের প্রত্যাশাও অনেক বেশি।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিফাইনালে উঠলেও শেষ কয়েকটি ম্যাচে তাদের পারফরম্যান্স নিয়ে আলোচনা রয়েছে। মিসরের বিপক্ষে শেষ মুহূর্তের প্রত্যাবর্তন এবং সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয় পেয়ে তারা টিকে থাকলেও দলের সামর্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে লিওনেল মেসির দল।

সূচি অনুযায়ী, ১৪ জুলাই ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। পরদিন একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।