যদি কেউ ফ্রান্সকে হারাতে পারে, সেটি আমরাই: ইয়ামাল

ফুটবল বিশ্বকাপের এবারের আসরের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হয়েছে। শেষ চারে জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বের চার পরাশক্তি, বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই এবার লড়বে ফাইনালে ওঠার লড়াইয়ে।

ডালাসে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। অন্য সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন দুই দলের দুই তারকা ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে এবং স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল।

কিলিয়ান এমবাপ্পে

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে ফ্রান্স। তবে শিরোপা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন এমবাপ্পে। ফরাসি অধিনায়ক বলেন, “আমি জানি না এটিকে কোনো মিশন বলা যায় কি না। তবে আমরা সবাই জানি, ট্রফি না জেতা পর্যন্ত আমাদের স্বস্তির সুযোগ নেই। চ্যাম্পিয়ন হওয়ার আগে মনোযোগ হারানোর প্রশ্নই আসে না। নিজেদের অপরাজেয় দল হিসেবে প্রমাণ করতে হলে এখনও অনেক কিছু দেখাতে হবে।”

লামিনে ইয়ামাল

অন্যদিকে ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকে নিয়েও বিন্দুমাত্র শঙ্কিত নন স্পেনের ১৮ বছর বয়সী বিস্ময়বালক লামিনে ইয়ামাল। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, “টুর্নামেন্টের শুরু থেকেই সবাই এই হাইভোল্টেজ ম্যাচটির অপেক্ষায় ছিল। আমার মতে, এবারের বিশ্বকাপের সেরা দুটি দলই সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। আমরা কাউকে ভয় পাই না। এই বিশ্বকাপে যদি কেউ ফ্রান্সকে হারাতে পারে, তবে সেটি আমরাই।”