পরিসংখ্যানে এগিয়ে ইয়ামাল, জয়ের জন্য মরিয়া এমবাপ্পে

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এবং তরুণ তারকানির্ভর স্পেন। আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দলগত লড়াইয়ের পাশাপাশি ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন দুই প্রজন্মের দুই তারকা ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে এবং স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। বিশ্বকাপের মঞ্চে এই প্রথম একে অপরের বিপক্ষে খেলতে নামছেন তারা।

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এর আগে ১০ বার মুখোমুখি হয়েছেন এমবাপ্পে ও ইয়ামাল। সেই পরিসংখ্যানে এগিয়ে স্প্যানিশ তারকা। ১০ সাক্ষাতের আটটিতেই জয় পেয়েছেন ইয়ামাল, যদিও ব্যক্তিগত গোলসংখ্যায় এগিয়ে আছেন এমবাপ্পে। ইয়ামালের ছয় গোলের বিপরীতে ফরাসি ফরোয়ার্ডের গোল নয়টি।

জাতীয় দলে ইয়ামালের সাফল্য

জাতীয় দলের জার্সিতে দুবার মুখোমুখি হয়েছেন এই দুই ফুটবলার। দুটি ম্যাচই ছিল সেমিফাইনাল।

২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে মিউনিখে ফ্রান্সকে ২-১ গোলে হারায় স্পেন। ওই ম্যাচে দৃষ্টিনন্দন এক গোল করে আলোচনায় আসেন ইয়ামাল।

এক বছর পর জার্মানির স্টুটগার্টে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালেও জয় পায় স্পেন। নয় গোলের রোমাঞ্চকর সেই ম্যাচে লুইস দে লা ফুয়েন্তের দল ৫-৪ ব্যবধানে হারায় দিদিয়ে দেশোঁর ফ্রান্সকে। ইয়ামাল করেন জোড়া গোল, আর এমবাপেও নাম লেখান গোলদাতার তালিকায়।

চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের জবাব

ক্লাব ফুটবলে প্রথমবার মুখোমুখি হন তারা ২০২৪ সালের ১০ এপ্রিল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি ও বার্সেলোনার প্রথম লেগে। প্যারিসে অনুষ্ঠিত সেই ম্যাচে কেউ গোল করতে না পারলেও ৩-২ ব্যবধানে জয় পায় বার্সেলোনা।

তবে ফিরতি লেগে দৃশ্যপট বদলে দেন এমবাপে। তার জোড়া গোলে বার্সেলোনাকে তাদের মাঠে ৪-১ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে সেমিফাইনালে ওঠে পিএসজি।

এল ক্লাসিকোয় ইয়ামালের আধিপত্য

২০২৪ সালে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এমবাপে ও ইয়ামাল ক্লাব পর্যায়ে আরও ছয়বার মুখোমুখি হয়েছেন। এই সময়টাতে এল ক্লাসিকো এবং নকআউট প্রতিযোগিতায় আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ২০২৫ ও ২০২৬ সালের দুটি ফাইনালেই রেয়ালকে হারিয়ে শিরোপা জেতে বার্সেলোনা। প্রথমটি ৫-২ এবং দ্বিতীয়টি ৩-২ ব্যবধানে।

২০২৫ সালের কোপা দেল রে ফাইনালেও পরাজিত দলের সদস্য ছিলেন এমবাপে। তার একটি ফ্রি-কিক গোলও দলকে শিরোপা এনে দিতে পারেনি। অতিরিক্ত সময়ের লড়াই শেষে ৩-২ ব্যবধানে জয় পায় বার্সেলোনা।

লা লিগায় তিনবার মুখোমুখি হয়েছেন এই দুই তারকা। প্রথম এল ক্লাসিকোয় সান্তিয়াগো বের্নাবেউয়ে ৪-০ ব্যবধানে হারে রেয়াল মাদ্রিদ, যেখানে একটি গোল করেন ইয়ামাল।

পরের মৌসুমে বার্সেলোনার মাঠে এমবাপের হ্যাটট্রিকও রেয়ালকে পরাজয় এড়াতে পারেনি। ৪-৩ ব্যবধানে জয় পায় বার্সেলোনা, আর ইয়ামালও একটি গোল করেন। তবে ২০২৫ সালের অক্টোবরে সর্বশেষ লা লিগা লড়াইয়ে হাসে রেয়াল মাদ্রিদ। ২-১ ব্যবধানে জয় পাওয়া সেই ম্যাচে গোল করেন এমবাপে।

বিশ্বকাপে নতুন অধ্যায়ের অপেক্ষা

মাত্র ১৮ বছর বয়সেই ২০২৬ বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেলে নতুন ইতিহাস গড়েছেন ইয়ামাল। ১৮ বছর বা তার কম বয়সী কোনো ফুটবলার হিসেবে বিশ্বকাপে পাঁচটির বেশি ম্যাচ খেলার প্রথম নজির এটি। যদিও এখন পর্যন্ত তার গোল মাত্র একটি, যা এসেছে গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে।

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ের পর গোলসংখ্যা নিয়ে নিজের ভাবনা জানিয়ে ইয়ামাল বলেন, “গোল করতে না পারাটা আমাকে সত্যিই হতাশ করে না। আমি একটি গোল করেই ২০২৪ ইউরো জিতেছি। যদি বিশ্বকাপও জিতি, তাহলে আমি গোল করেছি কি না, তা নিয়ে মানুষ খুব বেশি মাথা ঘামাবে বলে আমার মনে হয় না।”

অন্যদিকে, এমবাপ্পের বিশ্বকাপ ইতিহাস ইতোমধ্যেই সমৃদ্ধ। ২০১৮ সালে ১৯ বছর বয়সে চার গোল করে ফ্রান্সকে শিরোপা জেতানোর পাশাপাশি আসরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে হ্যাটট্রিকসহ সর্বোচ্চ আট গোল করলেও শিরোপা অধরা থেকে যায় আর্জেন্টিনার কাছে হেরে।

চলতি বিশ্বকাপেও যৌথভাবে সর্বোচ্চ আট গোল করেছেন এমবাপ্পে। ফলে মঙ্গলবারের সেমিফাইনাল কেবল ফ্রান্স ও স্পেনের ফাইনালে ওঠার লড়াই নয়, বরং সমসাময়িক ফুটবলের দুই আলোচিত তারকার প্রতিদ্বন্দ্বিতায়ও যোগ হতে যাচ্ছে নতুন একটি অধ্যায়।

NM/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত