বিশ্বকাপের কারণে বার্সা-রিয়ালের লা লিগার সূচিতে পরিবর্তন

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে খেলছেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের একাধিক তারকা। খেলোয়াড়দের বিশ্রাম ও প্রস্তুতির কথা বিবেচনা করে দুই জায়ান্ট ক্লাবের লা লিগা শুরুর সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।

ফ্রান্স ও স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনাল এবং ইংল্যান্ড-আর্জেন্টিনার দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবেন বিশ্বের বেশ কয়েকজন বড় তারকা। এর প্রভাব পড়েছে স্প্যানিশ লিগের নতুন মৌসুমের শুরুতেও।

বার্সেলোনার হয়ে বিশ্বকাপ সেমিফাইনালে খেলছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ও দানি ওলমো। এছাড়া ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডনও রয়েছেন শেষ চারের লড়াইয়ে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও অরেলিয়েন চুয়ামেনি খেলছেন ফ্রান্সের হয়ে, আর ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

আগামী লা লিগা মৌসুম শুরু হওয়ার কথা ছিল ১৫-১৬ আগস্টের সপ্তাহান্তে। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রথম ম্যাচ ছিল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ঘরের মাঠে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বার্সা ২৩ আগস্ট এলচের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে। বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি পিছিয়ে ২৭ আগস্ট করা হয়েছে।

রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচও পরিবর্তন করা হয়েছে। আগে তাদের ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলার কথা থাকলেও ম্যাচটি হবে ২৬ আগস্ট। ফলে কোচ হোসে মরিনহোর দ্বিতীয় মেয়াদে রিয়ালের হয়ে লা লিগায় প্রথম ম্যাচ হবে ২২ আগস্ট এস্পানিওলের মাঠে।

তবে অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন দুই খেলোয়াড় হুলিয়ান আলভারেজ ও নাহুয়েল মোলিনার কারণে তাদের মালাগার বিপক্ষে ১৯ আগস্টের ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।