বিশ্বকাপ সেমিফাইনালে স্পেন-ফ্রান্স মহারণের আগে লামিনে ইয়ামালের আত্মবিশ্বাসী মন্তব্য নিয়ে চলছে আলোচনা। তবে সেই বিতর্কে ভিন্ন মাত্রা যোগ করেছেন ফ্রান্সের ডিফেন্ডার জুল কুন্দে। বার্সেলোনায় ইয়ামালের সতীর্থ এই ফুটবলার জানিয়েছেন, ফরাসি দল তরুণ স্প্যানিশ ফরোয়ার্ডের কথাকে কোনোভাবেই অসম্মান হিসেবে দেখছে না।
সম্প্রতি লামিনে ইয়ামাল বলেছিলেন, “যদি কোনো দলকে ভয় পেতে হয়, তাহলে ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত।” তিনি আরও মন্তব্য করেন, সাম্প্রতিক বড় টুর্নামেন্টগুলোর পারফরম্যান্স বিবেচনায় ফ্রান্সকে স্পেনের চেয়ে এগিয়ে রাখা যায় না। তার এই বক্তব্য ঘিরেই শুরু হয় আলোচনা।
তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কুন্দে বলেন, “কোনো মুহূর্তেই আমরা লামিনের পক্ষ থেকে অসম্মান অনুভব করিনি। আমি তাকে খুব ভালোভাবে চিনি। এটা তার নিজের ও দলের প্রতি আত্মবিশ্বাসের প্রকাশ।”
বার্সেলোনার এই ডিফেন্ডার আরও বলেন, “বার্সেলোনাতেও সে এমনই। সে যা বিশ্বাস করে, সেটাই বলে। তাই এতে অবাক হওয়ার কিছু নেই।”
সেমিফাইনালের লড়াই নিয়ে কুন্দে জানান, দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। ফলে ম্যাচে বলের নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তিনি বলেন, “স্পেন দীর্ঘ সময় বল দখলে রাখতে পারলে তারা খুব বিপজ্জনক হয়ে ওঠে। তাই আমাদেরও বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে হবে।”
স্পেনের বিপক্ষে সাম্প্রতিক ব্যর্থতার প্রসঙ্গেও কথা বলেন কুন্দে। তবে অতীত নিয়ে পড়ে থাকতে চান না জানিয়ে তিনি বলেন, “সাম্প্রতিক ম্যাচগুলোর ফল আমাদের পক্ষে ছিল না, সেটা আমরা জানি। কিন্তু সেটি নিয়ে আমি আচ্ছন্ন নই।”
বিশ্বকাপের সেমিফাইনালে ইউরোপের দুই শক্তিশালী দলের লড়াই তাই শুধু মাঠের কৌশলে নয়, কথার লড়াইয়েও উত্তাপ ছড়াচ্ছে। তবে কুন্দের বক্তব্যে স্পষ্ট, ইয়ামালের মন্তব্যকে ফরাসি শিবির উসকানি নয়, বরং তরুণ তারকার আত্মবিশ্বাস হিসেবেই দেখছে।
যদি কেউ ফ্রান্সকে হারাতে পারে, সেটি আমরাই: ইয়ামাল
সেমিফাইনালের আগে ৪ তারকার কথার লড়াই
পরিসংখ্যানে এগিয়ে ইয়ামাল, জয়ের জন্য মরিয়া এমবাপ্পে