মেসির সঙ্গে উত্তপ্ত মুহূর্ত নিয়ে ব্যাখ্যা দিলেন বেলিংহ্যাম

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে ম্যাচ চলাকালে হওয়া উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে তৈরি হওয়া আলোচনাকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। তাঁর ভাষ্য, ঘটনাটি ছিল একটি ফাউলকে কেন্দ্র করে স্বাভাবিক তর্ক, এর বাইরে কোনো ব্যক্তিগত বিরোধ বা তিক্ততার বিষয় ছিল না।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে-এর প্রতিবেদনে বলা হয়, ম্যাচ চলাকালে মেসি ও বেলিংহ্যামের সংক্ষিপ্ত বাক্যবিনিময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের জল্পনা তৈরি হয়। তবে ম্যাচ শেষে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন বেলিংহ্যাম।

ইংলিশ এই মিডফিল্ডার বলেন, ‘আসলে আমরা শুধু একটি ফাউল নিয়ে কথা বলছিলাম। এতে খারাপ কিছু ছিল না। আমি জানি, সবাই এটাকে বড় বিষয় বানানোর চেষ্টা করবে, কিন্তু সত্যি বলতে তেমন কিছুই হয়নি।’

কী নিয়ে তাদের কথা হয়েছিল, সেটিও ব্যাখ্যা করেন বেলিংহ্যাম। তাঁর ভাষ্য, ‘আমার মনে হয়েছিল, এর আগে আমাদের ওপর একটি ফাউল হয়েছিল। তখন মেসি বলল, ‘আমার ওপর হওয়া ফাউলের কী হবে?’ আমি তখন বললাম, ‘তুমি তো যথেষ্ট শক্তিশালী, এটা সামলে নিতে পারো।' ব্যস, এতটুকুই।’

ম্যাচের উত্তেজনার মধ্যেও মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথা তুলে ধরেন বেলিংহ্যাম। তিনি বলেন, ‘অবশ্যই হেরে যাওয়ার কষ্টটা অনেক। কিন্তু মেসির মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলতে পারাটাও আমার জন্য বিশেষ সৌভাগ্যের।’

বেলিংহ্যামের এই ব্যাখ্যার পর স্পষ্ট হয়েছে, ম্যাচ চলাকালে দুই ফুটবলারের সংক্ষিপ্ত বাক্যবিনিময় ছিল খেলার স্বাভাবিক আবেগেরই অংশ, এর সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধের সম্পর্ক নেই।