ফুটবল বিশ্বের মহারাজ লিওনেল মেসি যখন প্রতিপক্ষ, তখন যেকোনো কোচের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। চলতি বিশ্বকাপে ৮টি গোল আর ৪টি অ্যাসিস্ট নিয়ে ফর্মের তুঙ্গে থাকা এই আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে এবার নিজের সুনির্দিষ্ট ভাবনার কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ফাইনাল ম্যাচে আগে সংবাদ সম্মেলনে লুইস দে লা ফুয়েন্তে সাফ জানিয়েছেন, ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকরকে ‘ম্যান-টু-ম্যান’ মার্কিং না করলেও পুরো ম্যাচজুড়ে স্প্যানিশদের কড়া নজরদারিতে থাকবেন লিওনেল মেসি।
মেসিকে আটকানোর পরিকল্পনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে দে লা ফুয়েন্তে ফিরে গেছেন তার পুরোনো কোচিং ক্যারিয়ারের এক রোমাঞ্চকর স্মৃতিতে। সেভিয়ার যুব দলের কোচ থাকাকালীন বার্সেলোনা যুব দলের বিপক্ষে এক ম্যাচের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, ‘তখন মেসি নামের এক ছেলের ব্যাপারে অনেক প্রশংসা শুনেছিলাম। ম্যাচের শুরু থেকেই তাকে কড়া ম্যান-টু-ম্যান মার্কিংয়ে রেখেছিলাম আমরা। ৭০ মিনিট পর্যন্ত স্কোরলাইন ০-০ ছিল। মেসিকে মার্ক করে রাখা আমাদের সেই খেলোয়াড়টি হঠাৎ লাল কার্ড দেখল, ব্যস! পরের ১৫ মিনিটে মেসি একাই ৪টি গোল করে বসল।’
অতীত থেকে শিক্ষা নিয়ে স্পেন কোচ স্পষ্ট করলেন, ‘এর মানে কী? আমরা কি তাকে স্পেশাল মার্ক করব? না। তবে আমরা কি তাকে কড়া নজরে রাখব? অবশ্যই হ্যাঁ।’
এই হাইভোল্টেজ ফাইনালকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে মেসির সাথে স্পেনের কিশোর তারকা লামিনে ইয়ামালের তুলনা করা হচ্ছে প্রতিনিয়ত। তবে দে লা ফুয়েন্তে নিজের শিষ্যকে এমন কোনো অতিমানবীয় চাপের মুখে ঠেলে দিতে রাজি নন।
মেসির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, মেসি অদ্বিতীয় ও এক বিশাল প্রতিভা। তরুণদের জন্য সে এক চিরন্তন দৃষ্টান্ত। কিন্তু লামিনেকে লামিনের মতোই থাকতে দিতে হবে। আমাদের দায়িত্ব তাকে ডানা মেলতে সাহায্য করা, যেন সে নিজের চেনা রূপেই মাঠে দ্যুতি ছড়াতে পারে।’
অতীতের এক বিধ্বংসী স্মৃতির তাড়না আর আগামীর নতুন রূপকথা লেখার স্বপ্ন- এই দুইয়ে মিলে মেসিকে রুখতে স্পেন যে এক চুলও ছাড় দেবে না, তা দে লা ফুয়েন্তের কথাতেই স্পষ্ট।