টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের লক্ষ্যে বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে লিওনেল মেসির জন্য এই মহারণ কেবল শিরোপা ধরে রাখার লড়াই নয়, নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার এক ঐতিহাসিক রাত। ১৯ জুলাই দিবাগত রাতের এই ফাইনালে মাঠে নামলেই ৩৯ বছর ২৫ দিন বয়সী আর্জেন্টাইন অধিনায়কের সামনে উন্মোচিত হবে অন্তত ১১টি নতুন কীর্তি গড়ার সুযোগ।

ফাইনালে মাঠে নামার সাথে সাথেই ফুটবল ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখাবেন মেসি। গোলরক্ষকদের বাদ দিলে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে তিনিই হবেন সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার। সব মিলিয়ে এই রেকর্ড ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে থাকলেও মাঠের খেলোয়াড়দের মধ্যে মেসিই প্রবীণতম। এছাড়া স্পেনের বিপক্ষে এটি হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর আগে ডিয়েগো ম্যারাডোনা দুইবার ফাইনালে নেতৃত্ব দিলেও আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসেবে তিনটি ফাইনালে টস করার নজির গড়বেন মেসি। সবমিলিয়ে ব্রাজিলের কাফুর পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে এই কীর্তি স্পর্শ করবেন তিনি।
স্পেনকে হারিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারলে ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ড গড়বেন মেসি। একই সাথে টানা দুইবার বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলারও হবেন তিনি। অন্যদিকে দল হিসেবে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের গৌরবে ভাসবে আর্জেন্টিনা।
মহারণের এই ম্যাচে গোল বন্যা বইয়ে দেওয়ার সুযোগও থাকছে মেসির সামনে। ফাইনালে মাত্র একটি গোল করলেই সুইডেনের নিলস লিডহোমকে ছাড়িয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ড নিজের করে নেবেন তিনি। একই সাথে এক বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ১৯৩০ সালে গিয়ের্মো স্তাবিলের গড়া সর্বোচ্চ আট গোলের রেকর্ডটিও ভেঙে যাবে। আর যদি মেসি জোড়া গোল করতে পারেন, তবে ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তি গড়বেন তিনি। পাশাপাশি বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার গোলের রেকর্ডে কিলিয়ান এমবাপের পাশে বসার সুযোগ থাকছে তার।
ফাইনালে দুটি গোল মেসিকে নিয়ে যাবে এক বিশ্বকাপে ১০ গোলের মহাকাব্যিক মাইলফলকে, যা ইউরোপের বাইরের কোনো ফুটবলার হিসেবে হবে প্রথম অর্জন। এর আগে এই কীর্তি গড়েছিলেন শুধু জুস্ত ফঁতেন, সান্দর কচিস ও গার্ড মুলার। এছাড়া মেসি যদি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে পারেন, তবে ২০০২ সালে বিশ্বজয়ী দলের হয়ে করা ব্রাজিলের রোনালদোর এক বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোলের রেকর্ডটিও ছাড়িয়ে যাবেন তিনি।

আর যদি ঐতিহাসিক এক হ্যাটট্রিক লুইজিয়ানা বা নিউজার্সির মাঠে মেসি করতে পারেন, তবে তা হবে ফুটবল ইতিহাসের চুরান্ত এক বিশ্বরেকর্ড। সব মিলিয়ে স্পেনের বিপক্ষে এই মেগা ফাইনালে ফুটবলীয় রূপকথাকে নতুন করে লেখার এক মহাকাব্যিক মঞ্চ তৈরী মেসির জন্য।
সমালোচকদের কড়া জবাব দিলেন মেসি
যেসব কৌশলে স্পেনকে স্তব্ধ করতে পারে আর্জেন্টিনা