মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

ফুটবল ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওয়েস্ট ব্রমের সাবেক মিডফিল্ডার কেভিন কাস্ত্রো। লিসবনে একটি প্রীতি ম্যাচে খেলার সময় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ২৫ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার। পরে মাঠেই তাঁর মৃত্যু হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২২ আগস্ট) পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্টসের হয়ে শীর্ষ লিগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন কাস্ত্রো। ম্যাচ চলার একপর্যায়ে কোনো পূর্বসংকেত ছাড়াই তিনি মাঠে পড়ে যান। দ্রুত চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

কাস্ত্রোর মৃত্যুর পর ম্যাচটি আর চালিয়ে নেওয়া হয়নি এবং তা বাতিল ঘোষণা করা হয়।

লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে তাঁর পরিবারের সদস্য, বন্ধু ও সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতি পর্তুগিজ ফুটবল অঙ্গনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে রিয়াল স্পোর্টস ও এস্ত্রেলা দা আমাদোরাও।

২০২১ সালে ইংল্যান্ডের ক্লাব ওয়েস্ট ব্রমের একাডেমিতে যোগ দেন কাস্ত্রো। পরবর্তী সময়ে ক্লাবটির মূল দলেও খেলার সুযোগ পান তিনি। লিগ কাপে আর্সেনালের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সিনিয়র ফুটবলে তাঁর অভিষেক হয়।

এরপর বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে ধারে খেলেছেন এই মিডফিল্ডার। ২০২৩ সালে ওয়েস্ট ব্রমের সঙ্গে তাঁর অধ্যায় শেষ হয়।

কাস্ত্রোর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তাঁর সাবেক ক্লাব ওয়েস্ট ব্রম। তাঁর স্মরণে বার্নলির বিপক্ষে ম্যাচে দলের খেলোয়াড় ও স্টাফরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।