জন পারলাজাকে ২০৩৪ সাল পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

ফুটবল ম্যাচে সহকারী রেফারিকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারার ঘটনায় ইকুয়েডরের ফুটবলার জন পারলাজাকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাঁর এই শাস্তি বিশ্বব্যাপী কার্যকর করতে ফিফার কাছে আবেদন জানাবে দেশটির ফুটবল ফেডারেশন। একই ঘটনায় সংশ্লিষ্ট ক্লাব সিউদাদ দে ইয়ানৎসাকেও আর্থিক জরিমানা করা হয়েছে।

গত ১৭ অক্টোবর ইকুয়েডরের তৃতীয় বিভাগের ম্যাচে ক্লাব সিউদাদ দে ইয়ানৎসা ও ক্লাব রিও আগুয়ারিকোর মুখোমুখি হওয়ার সময় এ ঘটনা ঘটে।

ম্যাচের ৯৬তম মিনিটে ডাগআউট থেকে সহকারী রেফারি লেনিন জিওভান্নি ওহেদা নুনেজকে লক্ষ্য করে পাথর ছোড়েন পারলাজা। পাথরটি সরাসরি রেফারির শরীরে আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ) জানায়, আহত সহকারী রেফারির অস্ত্রোপচার করতে হয়েছে। সুস্থ হয়ে উঠতে চিকিৎসকেরা তাঁকে ৬০ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ম্যাচ কর্মকর্তার ওপর শারীরিক হামলার জন্য পারলাজাকে দায়ী করে। তাঁকে ২০৩৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া সিউদাদ দে ইয়ানৎসাকে ২ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আহত রেফারির চিকিৎসার খরচ বাবদ আরও ৪ হাজার ৩৬৯ ডলার ৭৩ সেন্ট দিতে হবে ক্লাবটিকে।

ঘটনার পর গত ২০ অক্টোবর এক বিবৃতিতে ক্ষমা চেয়েছিল ইয়ানৎসা। একই সঙ্গে পারলাজাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কারের কথাও জানিয়েছিল ক্লাবটি। তবে ক্লাবের ক্ষমা চাওয়া ও খেলোয়াড়কে বহিষ্কারের পরও শাস্তি এড়াতে পারেনি তারা।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত