ইতালির দায়িত্ব নিলেন মানচিনি, দল পুনর্গঠনে নতুন ৯ মুখ

টানা তিন বিশ্বকাপে মূল পর্বে উঠতে না পারার আক্ষেপে পুড়ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। কোচ নিয়োগ নিয়েও দেশটির ফুটবলে সম্প্রতি চরম অস্থিরতা দেখা গেছে। এমন পরিস্থিতিতে দ্বিতীয় মেয়াদে আজ্জুরিদের দায়িত্ব নিয়েছেন রবার্তো মানচিনি। উয়েফা নেশন্স লিগ দিয়ে ইতালির হারানো ঐতিহ্য ফেরানোই এখন তার মূল লক্ষ্য।

দল পুনর্গঠনের মিশনে ৯ নতুন মুখসহ ৩৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন মানচিনি। নতুন করে ইতালি জাতীয় দলে ডাক পাওয়া তরুণদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্রেন্টফোর্ডের ফুলব্যাক মিকায়েল কায়োদে, মোনজার ডিফেন্ডার এডি কোয়াইদো, বরুসিয়া ডর্টমুন্ডের স্যামুয়েল ইনাসিও এবং এফসি নুরেনবার্গের উইঙ্গার মোহামেদ আলী জুমা। আসন্ন নেশন্স লিগ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে তাদের অভিষেক হতে পারে।

এর আগে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ইতালির প্রধান কোচের দায়িত্বে ছিলেন মানচিনি। তার অধীনেই ২০২০ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) জিতেছিল আজ্জুরিরা। এবার দলকে নতুন করে সাজাতে গিয়ে বেশ কিছু বড় নাম বাদ দিয়েছেন তিনি।

এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম মাতেও রেতেগি। আর্জেন্টাইন বংশোদ্ভূত এই স্ট্রাইকার মানচিনির আগের মেয়াদে দলের অন্যতম ভরসা ছিলেন। সৌদি আরবের লিগে ৭ ম্যাচে ৪ গোল করার পরও এবার তাকে দলে রাখেননি ইতালিয়ান কোচ।

অন্যদিকে, দলে সুযোগ পেয়ে আলোচনার জন্ম দিয়েছেন কাগ্লিয়ারির ফরোয়ার্ড ড্যানিয়েল মালদিনি। সম্প্রতি মিলানে অতিরিক্ত মদ্যপানের পর গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনায় সম্পৃক্ত থাকায় বাতিল করা হয়েছে তার ড্রাইভিং লাইসেন্স। তবে মাঠের বাইরের এমন বিতর্কের পরও ২৪ বছর বয়সী এই উইঙ্গারের ওপরই আস্থা রেখেছেন মানচিনি।

ইতালি দল

গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুম্মা, মার্কো কার্নেসেচ্চি, মাসিমো পেসিনা, গুগলাইয়েলমো ভিকারিও।

ডিফেন্ডার: অনেস্ট অহানোর, আলেসান্দ্রো বাস্তবানি, রিকার্দো কালাফিওরি, দিয়েগো কোপোলা, জিওভান্নি দি লোরেনজো, ফেদেরিকো ডিমার্কো, দানিয়েলে গিলার্দি, মাইকেল কায়োদে, এডি কোয়াইদো, জিয়ানলুকা মানচিনি, জর্জো স্কালভিনি।

মিডফিল্ডার: নিকোলো বারেল্লা, ব্রায়ান ক্রিস্তান্তে, ইসা দুম্বিয়া, নিকোলো ফাজিওলি, ডেভিড ফ্রাত্তেসি, রোলান্দো মানদ্রাগোরা, আলেসান্দ্রো রোমানো, সান্দ্রো তোনালি।

ফরোয়ার্ড: নিকোলো কাম্বিয়াগি, ফ্রান্সেসকো পিও এস্পোসিতো, সেবাস্তিয়ানো এস্পোসিতো, স্যামুয়েল ইনাসিও, মোইসে কিন, ড্যানিয়েল মালদিনি, জাকোমো রাসপাদোরি, জিয়ানলুকা সামাক্কা, আন্তোনিও ভারগারা, নিকোলো জানিওলো, মোহামেদ আলী জুমা।

উয়েফা নেশন্স লিগে ইতালির সূচি

২৫ সেপ্টেম্বর: প্রতিপক্ষ বেলজিয়াম
২৮ সেপ্টেম্বর: প্রতিপক্ষ তুরস্ক
২ অক্টোবর: প্রতিপক্ষ ফ্রান্স
৫ অক্টোবর: প্রতিপক্ষ তুরস্ক