এশিয়ান গেমসে চরম বিশৃঙ্খলার মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চীনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও নির্ধারিত সময়ে স্টেডিয়ামে গিয়ে জানতে পারে, ম্যাচটি হচ্ছে না। প্রতিপক্ষ দল মাঠে না আসায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করতে বাধ্য হন আয়োজকেরা।
স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বাংলাদেশ দল সকাল সাড়ে ৭টার মধ্যেই স্টেডিয়ামে পৌঁছে যায়। তবে ভেন্যুতে যাওয়ার পর মাঠের কিউরেটর বাংলাদেশ দলকে জানান, সেদিন কোনো খেলা অনুষ্ঠিত হবে না। পরে জানা যায়, চীন দল মাঠে না আসায় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। অপ্রত্যাশিত এই পরিস্থিতিতে বাংলাদেশ দল মাঠেই সেমিফাইনালের প্রস্তুতিমূলক অনুশীলন সম্পন্ন করে।
ঘটনা সম্পর্কে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ জানান, সকাল ৯টার প্রীতি ম্যাচটির জন্য তারা সাড়ে ৭টার মধ্যেই মাঠে চলে এসেছিলেন। তিনি বলেন, ‘মাঠে আসার পর কিউরেটরের কাছ থেকে জানতে পারি খেলা হবে না। এর কিছুক্ষণ পর স্পষ্ট হয় যে চীন দল আসছে না।’ প্রতিপক্ষ না আসায় আগামীকাল অনুষ্ঠেয় সেমিফাইনালের জন্য প্রস্তুতি সেরে নিয়েছেন বলেও জানান তিনি।
এদিকে চীনের এমন আচরণে বিস্ময় প্রকাশ করেছেন এশিয়াডে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তিনি জানান, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) বিশেষ অনুরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করে এই ম্যাচ খেলতে সম্মতি দেওয়া হয়েছিল। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও চীন দল কেন মাঠে আসেনি, তা তদন্ত করতে আনুষ্ঠানিকভাবে ওসিএকে বিষয়টি জানানো হয়েছে।
আজ থেকে আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের পর্দা উঠলেও বাংলাদেশের মূল মাঠের লড়াই শুরু হবে আগামীকাল। আসরের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এর আগে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল টাইগ্রেসদের। তবে বৃষ্টিতে সেই ম্যাচটি পরিত্যক্ত হলে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে তেহরানে লাখো মানুষের ‘প্রতিরোধ’ সমাবেশ
গ্রিনল্যান্ডকে কব্জায় নিয়ে নিলো ট্রাম্প?