লিওনেল মেসিকে ছাড়াই নতুন এক পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। বুয়েনস এইরেসের বিখ্যাত বোম্বোনেরা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে। মেসির অনুপস্থিতির পাশাপাশি এই ম্যাচে আর্জেন্টিনার একাদশেও আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন।
অনুশীলন ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশেষ সুরক্ষাসামগ্রী পরে অনুশীলন করলেও তাঁকে বেঞ্চে রেখে জেরোনিমো রুলিকে মূল একাদশে সুযোগ দেওয়া হতে পারে।
রক্ষণে নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে ফাকুন্দো মেদিনাকে দেখা যেতে পারে। চোটের কারণে ক্রিস্টিয়ান রোমেরো না থাকায় লিওনার্দো বালের্দি ও লিসান্দ্রো মার্তিনেজের ওপর থাকবে রক্ষণ সামলানোর দায়িত্ব। ডান প্রান্তে খেলার সম্ভাবনা রয়েছে আগুস্তিন গিয়াইয়ের।
নিয়মিত মুখ লিয়ান্দ্রো পারেদেস নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না। অন্যদিকে দলে নেই রদ্রিগো ডি পলও। ফলে মাঝমাঠে নতুন সমন্বয় তৈরি করতে হচ্ছে স্কালোনিকে।
এ অবস্থায় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের সঙ্গে একাদশে জায়গা পেতে পারেন এজেকিয়েল পালাসিওস।
মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেতে পারেন তরুণ নিকো পাজ। তাঁর সঙ্গে আক্রমণে থাকবেন হুলিয়ান আলভারেজ ও জিয়ানলুকা প্রেস্তিয়ানি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ অথবা জেরোনিমো রুলি।
রক্ষণভাগ: আগুস্তিন গিয়াই, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো অথবা ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ড: এজেকিয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
আক্রমণভাগ: নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও জিয়ানলুকা প্রেস্তিয়ানি।
মেসিবিহীন এই ম্যাচে আর্জেন্টিনার নতুন সমন্বয় কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। বিশেষ করে তরুণ নিকো পাজের পারফরম্যান্স এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখার সক্ষমতা ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে।
মেসিবিহীন আর্জেন্টিনা ও উরুগুয়ের ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার, ১৪ নভেম্বর ভোর ৫টায় শুরু হওয়ার কথা। ম্যাচটি হবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে।
কোথায় দেখা যাবে?
আর্জেন্টিনা: TyC Sports ও Telefe; অনলাইনে TyC Sports Play।
উরুগুয়ে: AUF TV ও Antel TV।
যুক্তরাষ্ট্র: ViX।