আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে তরুণ ফুটবলার আবেল নুনিয়েজের মৃত্যুতে। মাত্র ১৮ বছর বয়সী এই খেলোয়াড় এজেইজা ফুটবল ক্লাবের হয়ে খেলতেন। ম্যাচে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে বল ক্লিয়ার করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ‘সি’ টুর্নামেন্টের পঞ্চম বিভাগের একটি ম্যাচে এ ঘটনা ঘটে। ১০ নম্বর জার্সি পরা নুনিয়েজ বল ক্লিয়ার করার সময় মাথায় জোরে আঘাত পান। এরপরই মাঠে অচেতন হয়ে পড়ে যান তিনি।
মাঠেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। তাঁর অসুস্থতার কারণে ম্যাচটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ষষ্ঠ বিভাগের ম্যাচটিও স্থগিত করা হয়।
গুরুতর মাথার আঘাতের কারণে নুনিয়েজের জরুরি অস্ত্রোপচার করা হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
নুনিয়েজের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তাঁর বেড়ে ওঠার ক্লাব এজেইজা ছাড়াও আর্জেন্টিনার ফুটবল ও ফুটসাল অঙ্গনের বিভিন্ন দল। ২০২৪ সালে তিনি নুয়েভা এসত্রেয়া ক্লাবের রিজার্ভ ফুটসাল দলে যোগ দিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর শোক জানিয়ে দলটি তাদের সব ম্যাচ স্থগিত করে।
এজেইজা ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ক্লাবের ইতিহাসে এটি তাদের জন্য সবচেয়ে বেদনাদায়ক খবর। উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা থাকা এক তরুণকে হারিয়ে তারা গভীর শোকে আচ্ছন্ন। সতীর্থদের কাছে নুনিয়েজ ছিলেন পরিবারের একজন সদস্যের মতো।
বিবৃতিতে আরও বলা হয়, এজেইজার জার্সি গায়ে ম্যাচ খেলতে গিয়ে পাওয়া আঘাতে তাঁর মৃত্যুতে ক্লাবের সবাই মর্মাহত। এই মুহূর্তে ফুটবলের চেয়ে বড় হয়ে উঠেছে শোক। নুনিয়েজের পরিবার, বন্ধু, সতীর্থ ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ক্লাবটি।
নুয়েভা এসত্রেয়াও পৃথক বিবৃতিতে নুনিয়েজের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তাঁর মৃত্যুতে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে নির্ধারিত ম্যাচসহ ওই দিনের সব ক্রীড়া আয়োজন বাতিল করে ক্লাবটি।
বিবৃতিতে ক্লাবটি জানায়, এই সময়ে ম্যাচ বা ফলাফলের কোনো গুরুত্ব নেই। শোকই সবাইকে এক করেছে। নুনিয়েজ সব সময় তাদের পরিবারের অংশ হয়ে থাকবেন। কঠিন সময়ে পাশে থাকার জন্য আর্জেন্টিনোস জুনিয়র্সের সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে তারা।
পরিবার ও সতীর্থদের কাছে অনেক স্বপ্ন ও আশা নিয়ে এগিয়ে চলা এক তরুণ হিসেবে পরিচিত ছিলেন নুনিয়েজ। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ফুটবল সম্প্রদায়ে।
সূত্র: গোল ডট কম