ইরানের শর্ত মেনে নিলেই কেবল হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
তিনি বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে কোনো আগ্রাসন চালালে তার জবাব দেওয়া হবে তাৎক্ষণিকভাবে এবং আগের চেয়েও কঠোরভাবে। এমনকি সেই জবাবের প্রভাব আঞ্চলিক ভৌগোলিক সীমানা ছাড়িয়ে যেতে পারে।
বন্দর আব্বাসে একটি জনসমাবেশের পাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আকরামিনিয়া।
তিনি বলেন, ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত। তাঁদের মধ্যে উচ্চ মনোবল রয়েছে এবং ইরানি জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার থেকেই তাঁরা দায়িত্ব পালন করছেন।
ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র সতর্ক করে বলেন, শত্রুপক্ষ আবার আগ্রাসন চালালে সশস্ত্র বাহিনী আগের চেয়েও দ্রুত ও কঠোর জবাব দেবে।
ইসরায়েলের প্ররোচনায় যুক্তরাষ্ট্রকে আবার যুদ্ধে জড়ানোর চেষ্টা না করতেও মার্কিন কর্মকর্তাদের সতর্ক করেন আকরামিনিয়া। তিনি বলেন, ইসরায়েলিরা মরিয়া হয়ে আবারও মার্কিন প্রেসিডেন্টকে বিভ্রান্ত করে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি আগের ভুলের পুনরাবৃত্তি করে, তাহলে এমন জবাবের মুখে পড়বে, যার জন্য দেশটিকে পরে অনুতপ্ত হতে হবে।
সূত্র: প্রেস টিভি
ইরানের পর হামলার লক্ষ্য হতে পারে অন্য দেশও: জাতিসংঘে তেহরান
গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেপ্তার করা হবে: তথ্য উপদেষ্টা