আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা

ফেডারেশন কাপের ফাইনালে উঠার লড়াইয়ে বসুন্ধরা কিংসের বিপক্ষে কোনো রকম পাত্তাই পেল না আবাহনী। গোপালগঞ্জে হওয়া আসরের দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংসের বিপক্ষে তারা হেরেছে ৩-০ গোলের ব্যবধানে। এ জয়ে ফাইনালে পা রেখেছে বসুন্ধরা। যেখানে তাদের প্রতিপক্ষ মোহামেডান। আগামী ২২ মে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ফাইনাল।

এ মৌসুমে কিছুতেই যেন বসুন্ধরা কিংসের বিপক্ষে পেরে উঠছে না আবাহনী। আগের তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। সব হারের শোধ নিতে এই ম্যাচে জয় তুলতে হতো আবাহনীকে। তবে সেটি তো হয়ইনি উল্টো, ৩-০ গোলে হেরে বসেছে তারা। ম্যাচে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি।

গোপালগঞ্জে ফাইনালে উঠার ম্যাচে এদিন শুরু থেকেই এলোমেলো ফুটবল খেলেছে আবাহনী। অন্যদিকে একের পর এক আক্রমণে যাওয়া বসুন্ধরা ম্যাচে প্রথম গোলের দেখা পায় ২১ মিনিটে এসে। রবসন রবিনহোর গোলে ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বসুন্ধরা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফিরতে পারেনি আবাহনী। বেশ কয়েকবার আক্রমণে গেলেও জালের দেখা পায়নি তারা। উল্টো ম্যাচের ৭১ মিনিটে আরেক গোল হজম করে ম্যাচ থেকে আবাহনীকে ছিটকে দেয় বসুন্ধরা। বসুন্ধরার হয়ে দ্বিতীয় গোলটি করেন ডরিয়েলটন।

ম্যাচটা ওখানেই হাতছাড়া হয়ে যায় আবাহনীর। এরপর ব্যবধান কমানোরও খুব একটা চেষ্টা করেনি তারা। উল্টো গা ছাড়া ভাব চলে আসে দলটির ফুটবলারদের মধ্যে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আবাহনীর কঠিনে শেষ পেরেক ঠুকেন ইব্রাহিম। অতিরিক্ত যোগ করা সময়ের ৭ মিনিটে এসে জয়ের ব্যবধান ৩-০ করে বসুন্ধরা। নিশ্চিত হয় আবাহনীর বিদায়।